রাজধানীর গুলশানে রাতের আঁধারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে গিয়েছিলেন সংস্থাটির সাবেক মেয়র মো. আতিকুল ইসলাম। পরে করপোরেশনের কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ মানুষ কার্যালয় ঘেরাও করলে তিনি দ্রুত সটকে পড়েন। নগর ভবন ছাড়ার আগে তিনি তার কার্যালয়ে দলবল নিয়ে আধাঘণ্টা ছিলেন। সোমবার (১৯ আগস্ট) এ সংক্রান্ত দুটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ডিএনসিসি’র একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ফুটেজ দুটি ডিএনসিসি নগর ভবনের। ফুটেজ দুটিতে রবিবার রাতে আতিকুল ইসলামের নগর ভবনে প্রবেশ এবং বের হওয়ার দৃশ্য রয়েছে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ৮ টা ২০ মিনিটে মেয়র আতিকুল ইসলাম ১০ থেকে ১২ জনকে নিয়ে তার দপ্তরে প্রবেশ করেন। পরে রাত ৮ টা ৫৪ মিনিটে তাকে দপ্তর থেকে বের হয়ে ভবনের ফায়ার এক্সিড গেট দিয়ে চলে যেতে দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক করপোরেশনের এক কর্মকর্তা বলেন, ‘আতিকুল ইসলাম নগর ভবনে এসেছেন এমন খবরে স্থানীয় কিছু লোকজন এসে বিক্ষোভ করছিল। মূলত মেয়রের অপসরণের দাবিতে তারা সেখানে একত্রিত হয়েছিল। যদিও নির্দিষ্ট কাজে নগর ভবনে এসেছিলেন মেয়র। তিনি তার কক্ষে প্রায় আধাঘণ্টা লোকজন নিয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে এ সময় তিনি করপোরেশনের গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে গেছেন। পরে বিক্ষোভকারীরা একত্রিত হচ্ছে বুঝতে পেরে তিনি দ্রুত কার্যালয় ত্যাগ করেন।’
সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকার দুই সিটি করপোরেশনসহ ১২টি সিটি করপোরেশনে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত প্রশাসক নিয়োগ করা হয়েছে। ডিএনসিসির প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহমুদুল হাসান, এনডিসি। এর আগে গত ১৪ আগস্ট করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে পুনরাদেশ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।
এ বিষয়ে জানতে আতিকুল ইসলামকে ফোন দিলে তাকে পাওয়া যায়নি। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন,‘মেয়র আতিকুল ইসলাম গতকাল রাতে কার্যালয়ে আসেন। সে সময় করপোরেশনে কেউ ছিল না। পরবর্তীতে মেয়র বের হয়ে গেলে তার কক্ষটি বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার ডিএনসিসির নতুন প্রশাসক যোগদান করার কথা আছে। তিনি যোগদানের সময় প্রধান নির্বাহীসহ অন্যান্য কর্মকর্তা মিলে মেয়রের কক্ষটি দেখা হবে সেখানকার কি অবস্থা।’
অজ্ঞাত স্থান থেকে ব্যারিস্টার সুমন যে বার্তা দিলেন