আন্দোলনকারীর মুখ চেপে ধরা সেই পুলিশ সদস্য বরখাস্ত

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৭:০৬ এএম

আন্দোলনকারীর মুখ চেপে ধরার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ডিএমপির পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

ডিএমপি জানায়, গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পরিদর্শক আরশাদ হোসেন। সুশৃঙ্খল পুলিশ বাহিনীর একজন সদস্য হওয়া সত্ত্বেও তার এরূপ অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম সম্বন্ধে জনসম্মুখে বিরূপ ধারণার সৃষ্টিসহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। যার পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের মুখ চেপে ধরা ছাড়াও পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের জামায়াত-শিবির বলেও আখ্যায়িত করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত