শেষ পর্যন্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ। আইসিসির পরিচালনা পর্ষদের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হবে। যেখানে অনলাইনে যুক্ত হবেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবি চাইলে বর্তমান পরিচালনা পর্ষদ থেকে একজনকে প্রতিনিধিত্ব করার বাধ্যবাধকতা রয়েছে বলে জানান সিইও নিজামউদ্দিন চৌধুরী। প্রতিনিধি মনোনয়নের চেয়ে এ মুহূর্তে বিসিবির দৃষ্টি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু-সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়টি।
বিশ্বকাপ নিয়ে বিসিবি সিইও বলেন, ‘নারী বিশ্বকাপে আমাদের দিক থেকে যে প্রস্তুতি আছে, আমরা আত্মবিশ্বাসী টুর্নামেন্ট আয়োজন করতে পারব। তারপরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারও যথেষ্ট সক্রিয়ভাবে সিদ্ধান্ত নিচ্ছে বা কাজ করছে।’
তিনি যোগ করেন, ‘আপনারা জানেন, এই সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদের ডাকা হয়েছিল বিশ্বকাপ সম্পর্কে আলোচনা করার জন্য। পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনী থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। দুটি বিষয়ই আমরা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করেছি। প্রস্তুতি থেকে সবকিছু।’
বিসিবি সফল বিশ্বকাপ আয়োজনে সর্বাত্মক প্রস্তুতি নিলেও ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলো বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।
