আগামী ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে রিহ্যাব ফেয়ার। সোমবার চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু ভিউতে রিহ্যাব কর্তৃপক্ষ ও রেডিসন ব্লু ভিউ এর মধ্যে এ বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। রিহ্যাবের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন এবং হোটেল রেডিসন এর পক্ষে সহকারী পরিচালক ও অপারেশন ইনচার্জ জমির উদ্দিন কোরেশী।
এবারের ফেয়ারে ডেভেলপার, ফ্ল্যাট ও প্লট ক্রেতা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং নির্মাণ সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানসহ আবাসন ব্যবসায়ের সাথে সম্পৃক্ত সকলকে সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদানের জন্য ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৪’ সার্বিকভাবে সফল করার জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক্স এবং ডিজিটাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার প্রচারণার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১, মোহাম্মদ মোরশেদুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, মাঈনুল হাসান এবং সেনা হোটেল ডেভেলপমেন্ট লি. এর সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবু সাঈদ মোহাম্মদ আলী, এনডিইউ, এএফডব্লিউ, পিএসসি, এমবিএ, এমফিল, হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এর সহকারী পরিচালক সরোয়ার আলম রাতুল, পারভেজ চৌধুরী প্রমুখ।
এ সময় ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৪’ সফলভাবে আয়োজন ও সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগীতা কামনা করা হয়।
