আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুদক

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৬:৪২ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দুদক সূত্র জানায়, খোকন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। তার নামে-বেনামে অঢেল সম্পদ রয়েছে। ইতোমধ্যে তার নামে চারটি প্রাইভেট গাড়ির তথ্য পাওয়া গেছে। গাড়িগুলোর মধ্যে রয়েছে ঢাকা মেট্রো-ঘ-১৭-৪১৭৭ (ল্যান্ড ক্রুজার), ঢাকা মেট্রো-ঘ-১৮-২৫৭২ (টয়োটা- রাশ), ঢাকা মেট্রো-ঘ-১১-০০৭৭ (মিতসুবিশি পাজেরো জিপ) ও ঢাকা মেট্রো-গ-৩৫-৭৬২৭ (কার স্যালুন)।

২০২১ সালের ফেব্রুয়ারিতে খোকন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব পদ থেকে অব্যাহতি নেন। তিনি স্কুলজীবন থেকে শুরু করে ছাত্রজীবনের বিভিন্ন পর্যায়ে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী খোকন বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়েছিলেন খোকন। ২০১৩ সালে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে যোগদান করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত