মাদ্রাসাছাত্র হত্যাচেষ্টা: আসামি সাবেক শিক্ষামন্ত্রী নওফেলসহ ২৫

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১১:০২ পিএম

চট্টগ্রামে আবদুল্লাহ আল ফয়সাল নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে হত্যার চেষ্টার অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২৫ জনের বিরুদ্ধে মামলার করা হয়েছে। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৬০ থেকে ৭০ জন।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহর আদালতে মামলাটি করা দায়ের করা হয়।  হত্যাচেষ্টার শিকার ফয়সাল নগরের ধনিয়ালা পাড়ার বায়তুশ শরফ কামিল মাদ্রাসার ছাত্র।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী ইমরানুল হক। তিনি দেশ রূপান্তরকে জানান, আদালত মামলাটি  গ্রহণ করে আগামী তিন কার্য দিবসের মধ্যে নগরের বাকলিয়া থানার ওসিকে এজহার নিতে নির্দেশ দেন।

অন্যান্য আসামিরা হলেন- ফরিদুল আলম, মোকতার হোসেন, শাহজাহান, মো. আরমান, সালাউদ্দিন, আবদুল মোনাফ, মো. ইসহাক, জসিম, মো. ইউনুস, নুরুল আবছার, মঞ্জুর আলম, মো.জুয়েল প্রমুখ। আসামিদের সবাই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। 
অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনে অন্য শিক্ষার্থীদের মতো আবদুল্লাহ আল ফয়সাল নগরের বাকলিয়া নতুন ব্রিজ গোলচত্বর এলাকায় যান। সেখানে মহিবুল হাসান চৌধুরীর নির্দেশে আসামিরা অস্ত্র, লাঠিসোঁটা, রামদা, কিরিচ নিয়ে ফয়সালকে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। আসামিদের ছোড়া গুলিতে বাদীর বুক, পিঠ, কাঁধ ও চোখে লাগে। বাদীর এক চোখের অবস্থা এখনো গুরুতর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত