শরতের আকাশে মেঘেদের গতিবিধি সন্দেহজনক। কখনো মেঘ, কখনো রোদ্দুর। বাংলাদেশের রাজধানী ঢাকা আর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, কিংবা তার পাশেই ‘যমজ শহর’ রাওয়ালপিন্ডি; তিন শহরেই চলছে বৃষ্টির সঙ্গে সূর্যের লুকোচুরি। রৌদ্রোজ্জ্বল দিনটার শেষে অফিসফেরত সময়ে বৃষ্টি এসে যেমন মাটি করে দিতে পারে সারা দিনের স্বস্তি, তেমনি ভ্যাপসা গরমের পর দুপুরের এক পশলা বৃষ্টিও শান্ত সতেজ করে তুলতে পারে চারপাশ। বাংলাদেশের ক্রিকেটেও আজকের দিনটা এমনি এক অনিশ্চয়তায় ভরা।
আজ রাওয়ালপিন্ডিতে যখন টস করতে নামবেন শান মাসুদ এবং নাজমুল হোসেন শান্ত, তখন রাজধানীর সচিবালয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি বৈঠকে বসবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা। বলা ভালো রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে থাকা পরিচালকরা, যাদের সংখ্যা ৭ থেকে ৮ জনের বেশি নয়। বিসিবির সবশেষ নির্বাচনে নির্বাচিত পরিচালক সংখ্যা ২৫, এদের মধ্যে আলমগীর খান আলো মারা গেছেন আর জালাল ইউনুস পদত্যাগ করেছেন। আহমেদ সাজ্জাদুল আলমকেও পদত্যাগ করতে বলা হয়েছে। এক-তৃতীয়াংশের উপস্থিতিতেই কোরাম পূর্ণ হওয়ার কথা এবং তাই হলে, আজই হয়তো নাজমুল হাসান পাপন এই সভায় অনলাইনে যোগ দিয়ে ইস্তফা দেওয়ার মাধ্যমে ইতি টানবেন প্রায় ১২ বছরের একচ্ছত্র সাম্রাজ্যের।
ঢাকায় যদি এসব হয়, রাওয়ালপিন্ডিতে তাহলে নাজমুল হোসেন শান্তর অধিনায়ক হিসেবে শেষের শুরুটাও হয়ে যেতে পারে আজ। শান্ত যদি অধিনায়ক হিসেবে টিকেও যান, বাংলাদেশের কোচ চ-িকা হাথুরুসিংহে যে পাকিস্তান সফর থেকে অস্ট্রেলিয়ায় নয়, বাংলাদেশে এসে পাকাপাকিভাবে অস্ট্রেলিয়ায় ফিরে যেতে পারেন সেই আশঙ্কাও কম নয়। কারণ নতুন বোর্ড প্রধান হিসেবে যার নাম শোনা যাচ্ছে, সেই ফারুক আহমেদ ঠিক হাথুরুসিংহের গুণমুগ্ধ নন। ব্যাপারটা হয়তো আন্দাজ করেই সোমবার হাথুরুসিংহে বলেছেন, ‘যদি বোর্ডে বদল হয় এবং নতুন দায়িত্বে আসা ব্যক্তিরা আমাকে বদলাতে চান আমি এটা মেনে নেব।’
২৫ জুন আফগানিস্তানের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটা হেরে সেমিফাইনালের সম্ভাবনা ধুলোয় মিশিয়ে দেওয়ার পর শান্ত ক্ষমা চেয়েছিলেন দেশবাসীর কাছে। তারপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। খেলেনি বাংলাদেশ দলও, কোনো সংস্করণেই। আজ বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দিন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে উৎখাতের পর লাল-সবুজের প্রথম ম্যাচ। তবে সেই ম্যাচের প্রথম দিনটা জলমগ্ন হওয়ার আশঙ্কাই বেশি। কারণ মঙ্গলবার, রাওয়ালপিন্ডি থেকে ২০ মিনিট দূরত্বে (চন্ডিকা হাথুরুসিংহের মতে) ইসলামাবাদে পাকিস্তান শাহিনসের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় চারদিনের ম্যাচের প্রথম দিনের খেলায় টসও হয়নি। কারণ বৃষ্টি। রাওয়ালপিন্ডিতে যদি খেলা মাঠে গড়ায়, তাহলে টসটা হবে খুব গুরুত্বপূর্ণ কারণ কোনো দলই ভেজা উইকেটে আগে ব্যাট করতে চাইবে না। শান্ত কাল সংবাদ সম্মেলনে বললেন সেই প্রসঙ্গেই, ‘হ্যাঁ (টস) খুব গুরুত্বপূর্ণ। আমার মতে, ক্রিকেটাররা ব্যাটিং-বোলিংয়ের জন্য তৈরি আছে। তবে এটি (টস) গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে আমি টস নিয়ে বেশি ভাবছি না। ক্রিকেটার হিসেবে সব পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’
দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ভালো না করলেও পাকিস্তানে ভালো করার আশা শান্তর, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের ভালো সিরিজ গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ভালো খেলতে পারিনি। পাকিস্তানের বিপক্ষে এবার আমাদের ভালো সুযোগ আছে। আমাদের দল ভালো ভারসাম্যপূর্ণ। আশা করি, এখানে ভালো ক্রিকেট খেলতে পারব।’ এই প্রত্যাশার কারণ ভালো প্রস্তুতি, ‘(শ্রীলঙ্কা সিরিজে বড় হারের পর) আলাদা করে কিছু করতে চাই না। সবাই জানে, আমাদের ব্যাটিংটা কয়েক দিন ধরে ভালো হচ্ছে না। সবশেষ টেস্ট সিরিজটাও আমরা ওরকমভাবে ভালো করিনি। তবে প্রস্তুতির দিক থেকে এবার আমরা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। ক্রিকেটাররা যতটুকু আমরা সুযোগ পেয়েছি, ভালোভাবে তৈরি হওয়ার চেষ্টা করেছি। প্রত্যেক ক্রিকেটার বিশ্বাস করে, বিশেষ করে এবার ব্যাটিং ইউনিট আমরা ভালো করব। পাশাপাশি টেস্ট জেতার জন্য বোলিংটাও খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, দল হিসেবে এবার খুব ভালো সুযোগ আছে আমাদের।’
পাকিস্তান এরই মধ্যে একাদশ জানিয়ে দিলেও শান্ত জানিয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার কথা, ‘বেশিরভাগ ক্রিকেটার এখন ফিট আছে। প্রথম ম্যাচের জন্য এভেইলেবল আছে মুশফিকুর রহিম। জয়ের কিছুটা অস্বস্তি ছিল। আমরা আগামীকাল ঠিক করব।’ সব শেষবার যখন জাতীয় দলে খেলেছিলেন সাকিব আল হাসান, ক্রিকেটার পরিচয়ের বাইরেও তিনি ছিলেন একজন সাংসদ। পটপরিবর্তনে পদ হারানো সাকিব কি আগের সেই গ্রহণযোগ্যতা পাবেন? এমন প্রশ্নে শান্তর উত্তর, ‘না, আমার তেমন মনে হয় না। কারণ সে পেশাদার ক্রিকেটার এবং আমরা সবাই তাকে ক্রিকেটার হিসেবে ট্রিট করি সত্যি বলতে। দীর্ঘদিন ধরে সে এই খেলাটি খেলে। তাই সে নিজের দায়িত্ব জানে এবং কীভাবে নিজেকে প্রস্তুত করতে হয়। তো আমি তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি না। আশা করি, এই সিরিজে সে বিশেষ কিছু করবে।’ বিশেষ কিছু আশা করাই যায় সাকিবের কাছ থেকে, কারণ ক্যারিয়ার জুড়েই যখন প্রবল সমালোচনার মুখে পড়েছেন তখনই জবাবটা দিয়েছেন পারফরম্যান্সের ভাষায়।
টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ফল ১২-০, অর্থাৎ একডজন হারের বিপরীতে নেই কোনো জয়। এই পরিসংখ্যানটা বদলাতে চান শান্ত। ঠিক একই ভাবে, অতীতে শান্তর মতোই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া একজন গত ১২ বছরের অনিয়ম আর অন্যায়ের সংস্কৃতিটা বদলাতে চান। টেবিলের সেই খেলায় তিনি জিতবেন নাকি হেরে যাবেন, সেই খোঁজ রাখতে রাওয়ালপিন্ডির আকাশের পাশাপাশি চোখ রাখতে হবে বৈঠকের টেবিলেও।
