এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয়পর্বে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেতে ঢাকায় এনে ভুটানের বিপক্ষে দু'টি ফিফা স্বীকৃত প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ। তবে রাজনৈতিক পটপরিবর্তনে সেই আশা পূরণ হচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। বরং তাদের থিম্পু গিয়ে খেলতে হবে ম্যাচ দু'টি।
বুধবার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। ৫ ও ৮ সেপ্টেম্বর থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে হবে ম্যাচ দুটি।
বিশ্ব র্যাংকিংয়ে ভুটান বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে দুই ধাপ। ১৮২তম স্থানে থাকা ভুটানকে দুই ম্যাচে হারাতে পারলে রেটিং ও র্যাংকিংয়ে উন্নতি হবে বাংলাদেশের। তাতে করে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় পর্বের ড্রয়ে তিন নম্বর পটে চলে আসবে বাংলাদেশ। এ কারণেই বাফুফে চেয়েছিল ঢাকায় ম্যাচ দু'টি আয়োজন করতে। তবে ভুটান বাংলাদেশের পরিবর্তীত পরিস্থিতিতে আসতে চাইছে না।
বরং তারা উল্টো প্রস্তাব করে থিম্পুতে গিয়ে খেলার। বাফুফে তাতে সম্মত হয়েছে। ইমরান বলেন, 'সেপ্টেম্বর উইন্ডোতে দু'টি ম্যাচ আমরা ৫ ও ৮ তারিখে ভুটানের থিম্পুতে খেলবো। আমাদের প্রাথমিক পরিকল্পনা দলকে ৩০ আগস্ট থিম্পু পাঠানোর। তবে সব কিছুই নির্ভর করছে বিমান টিকিট পাওয়ার ওপর।' ইমরান আরো জানান, আগামী শনিবার জাতীয় দলের স্প্যানিশ কোচ প্রাথমিক দল দেওয়ার পাশাপাশি ভুটান সফরের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরুর তারিখ জানাবেন।
শরিফুলের জোড়া আঘাত, বাবরের বিদায় শূন্য হাতে