বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক উপকমিটি গঠন

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৫:৪২ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৭ সদস্যের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি গঠন করেছে। এই কমিটি সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের তালিকা প্রণয়ন ও সার্বিক সহযোগিতা করবে। এ জন্য স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সকল সদস্যকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সত্যায়িত আইডি কার্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিসে এক সংবাদ সম্মেলনে এই কমিটি প্রকাশ করা হয়। কমিটির আহ্বায়ক নাহিদা বুশরা ইতি ও সদস্য সচিব তারেকুল ইসলাম। পরে কমিটির সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রিয় সমন্বয়ক তারেকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের তথ্য জানানো হয়।

কমিটি কিছু জরুরি নির্দেশ জারি করেছে। নির্দেশাবলীতে বলা হয়েছে, ছাত্র জনতার চব্বিশের বিপ্লবে নিহত ও আহত ব্যক্তিদের সার্বিক সহযোগিতার দায়িত্ব বাংলাদেশ সরকারের। ছাত্রদের পক্ষ থেকে সরকারের সাথে সমন্বয় করবে এই কমিটি। এই কমিটির কোনো সদস্য কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত থাকবে না। কোনও প্রকার অনুদান বা সহায়তা গ্রহণ কিংবা আহত বা নিহত পরিবারকে সরাসরি কোনো আর্থিক সহায়তা প্রদান করবে না। সমন্বয়ক বা অন্য কোনও পরিচয়ে কেউ যদি চাঁদা বা টাকা কালেকশনের চেষ্টা করে, তবে এ বিষয়ে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি দায়ী থাকবে না।

কমিটি আরও নির্দেশ দিয়েছে যে, স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য কিংবা এই উপ-কমিটির অনুমোদিত ভলিন্টিয়ার ব্যতীত কোনও ব্যক্তি বা সংগঠন যদি সমন্বয়ক বা অন্য কোনও পরিচয়ে হাসপাতাল পরিদর্শনের নামে হাসপাতালের চিকিৎসাসেবা প্রদানে ব্যঘাত ঘটায় তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমিটির পক্ষ থেকে আহত বা নিহতদের তথ্য প্রেরণের  জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বাতায়ন (২৪/৭ কল সেন্টার) নম্বর: ১৬২৬৩ এবং হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম, স্বাস্থ্য অধিদপ্তর- ০১৭৫৯১১৪৪৮৮, ০১৭৬৯৯৫৪১৯২- এসব নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে দুটি নম্বরে সরাসরি কমিটির সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। নম্বর দুটি হলো- ০১৮১৮২৭৯২১৭ ও ০১৪০০৭২৮০৮০।

স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্যরা হলেন আবদুল্লাহ ইবনে হানিফ আরিয়ান, মো. মাসউদুজ্জামান, মো. রাসেল মাহমুদ, মো. রিয়াজ উদ্দিন সাকিব, শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন, ডা. মো. মনিরুজ্জামান, ডা. আতাউর রহমান রাজিব, ডা. ইফফাত জাহান নাদিয়া, মাহমুদল হাসান, মো. মেহেদি হাসান, আব্দুল্লাহ আল মাহমুদ (মেহেদী), মো. মাশরাফি সরকার, শাহরিয়ার হাসনাত তপু, মো. রামিম খান ও আবির হাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত