ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক কামরুল হাসানকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন সচেতন নাগরিকবৃন্দ।
আজ বুধবার (২১ আগস্ট) বিকালে রাজু ভাস্কর্যের সামনে সচেতন নাগরিকবৃন্দের আয়োজিত ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের ইতিহাসে সব গুরুত্বপূর্ণ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। '৫২-এর ভাষা আন্দোলন, '৬২-এর শিক্ষা আন্দোলন, '৬৯-এর গণঅভ্যুত্থান, '৭১-এর স্বাধীনতাযুদ্ধ, '৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সর্বশেষ '২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানে অগ্রগামী ভূমিকা পালন করেছে ঢাবির ছাত্র-শিক্ষকরা। কিন্তু স্বায়ত্তশাসিত এ-বিশ্ববিদ্যালয়ে বারবার দলীয় বিবেচনায় ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয় বঞ্চিত হয়েছে ছাত্রবান্ধব ও শিক্ষকবান্ধব তথা বিশ্ববিদ্যালয়বান্ধব ভিসি থেকে। নিয়োগপ্রাপ্ত ভিসিরা সরকার-অনুগত ভিসি হিসেবে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে।
তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের যে-কনসেপ্ট, বিশ্বজ্ঞানের আধার হিসেবে ভূমিকা পালন করা, নতুন জ্ঞান সৃষ্টি তথা গবেষণার উর্বর ভূমি হিসেবে ভূমিকা রাখা; সেই কনসেপ্ট বারবার মুখ থুবড়ে পড়েছে। হলগুলোতে ছাত্ররা মানবেতর জীবনযাপন করে আসছে বছরের পর বছর। গবেষণাখাতে বরাদ্দ অপ্রতুল, অকার্যকর ছাত্র সংসদ, সরকারদলীয় ছাত্রসংগঠনের সন্ত্রাস ও দুর্বৃত্তায়ন, দলীয়স্বার্থকেন্দ্রিক শিক্ষকরাজনীতিসহ নানামুখী সমস্যা ঢাবিকে বিশ্ববিদ্যালয় র্যাংকিং-এ পিছিয়ে দিয়েছে বারবার। '২৪-এর ছাত্রজনতার অভ্যুত্থান আমাদের সামনে সুযোগ করে দিয়েছে একজন শিক্ষাবান্ধব ভিসি নিয়োগ করার। আমরা অধ্যাপক কামরুল হাসান মামুনকে ঢাবির ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার জোর দাবি জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, অধ্যাপক কামরুল হাসান মামুন বরাবরই শিক্ষা ও ছাত্রস্বার্থ-সংশ্লিষ্ট ভূমিকা পালন করে আসছেন। বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট নিয়ে বিকশিত করার চিন্তায় তিনি কলম ধরেছেন বারবার। সর্বশেষ ছাত্রআন্দোলনে তিনি ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন নির্ভীকভাবে। পুলিশের হাত থেকে ছাত্রদের ছাড়াতে ছুটে গেছেন শাহবাগ থানায়। দলীয় শিক্ষক-রাজনীতির রং গায়ে মাখাননি কখনো। তাই বিশ্ববিদ্যালয়বান্ধব অধ্যাপক কামরুল হাসান মামুনকে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার জোর দাবি জানাই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্যাংকার আপন রহমান, শিক্ষক রুমানা হক লুভা, ব্যবসায়ী নাজমুল হক, গৃহিণী রুপা, ডাক্তার হুমায়ুন কবির, চিত্র শিল্পী রাসেল রানা, ছাত্র দ্বীন ইসলাম।
বন্যাকবলিত এলাকায় ফায়ার সার্ভিসের মনিটরিং সেল চালু
শেখ হাসিনা-কাদেরসহ ৭৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
অফিস সহকারীর আলিশান ফ্ল্যাট, ৪০ কোটির সম্পদ