কালীগঞ্জের ২ মামলায় সাবেক প্রতিমন্ত্রী চুমকিসহ ১০৫ জন আসামি

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৯:৪৫ পিএম

গাজীপুরের কালীগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যান, এপিএসসহ ১০৫ জনকে আসামি করে দুটি মামলা হয়েছে। বুধবার (২১ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু ৪০ জনকে আসামি করে ও বিকেল ৫টায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হওয়া ইসমাইল হোসেন বাদী হয়ে  ৪(৮)২৪ ও ৫(৮)২৪ মামলা করেন। 

এজাহার সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু অভিযোগ করেন ৭/৫/২০১১ তারিখে আওয়ামী লীগের প্রতিরোধ উপেক্ষা করে শীতলক্ষা নদীযোগে সাবেক এমপি ফজলুল হক মিলনের বাড়ি যাওয়ার সময় নৌকায় হামলা চালিয়ে জমির ও নাঈমকে আওয়ামী লীগ নেতা কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাসহ শতাধিক বিএনপি নেতা কর্মীদের আহত করে। এ সময় অনেকে জীবন বাচাঁতে সাঁতার কেটে নদী পার হয়ে পলাশ থানা এলাকায় আশ্রয় নেয়। সে সময় মামলা করার কোন সুযোগ পাওয়া যায় নাই বলে জানান।

অন্যদিকে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে বিএনপি ও এর অঙ্গ সংগঠন ছাত্রদের সাথে একাত্বতা প্রকাশ করে মিছিলে অংশগ্রহণ করে। তারা মিছিল করে কালীগঞ্জ বাইপাস সড়কের মোড়ল বাড়ি মোড়ে আসলে চুমকির র্নিদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে বিবাদীগণ ছুরি, চাপাতি, হকিস্টিক, অস্ত্রসহ হামলা এবং মারধর করে। এতে অনেকে গুরুতর আহত হয়। রাস্তায় ২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এর বিচারের দাবিতে মিছিলে আহত ইসমাইল হোসেন নিজে বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহতাব উদ্দিন বলেন,  দুটি মামলা রুজু হয়েছে। আসামিদের অভিযান চালিয়ে আটক করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত