দেশের কোথাও কোথাও আজ মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায় ১৮৮ মিলিমিটার। এ ছাড়া কক্সবাজারে ১৬২, মাইজদীকোর্টে ১৪৭, চাঁদপুরে ১৪০, শ্রীমঙ্গলে ১১২, চট্টগ্রামে ৮৯, বান্দরবানে ৮৮, রাঙ্গামাটিতে ৮৬, ময়মনসিংহে ৬৫, ফরিদপুর ও রামগতিতে ৫৮, সীতাকুণ্ডে ৫৭, সিলেটে ৪৫, ঢাকায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা আজ ও আগামীকাল প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে পরশু সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়অর সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী থেকে প্রবল অবস্থায় রয়েছে।
