অর্থপাচার মামলায় খালাস পেলেন বিএনপির খন্দকার মোশাররফ

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০২:২২ পিএম

অর্থপাচার মামলায় আদালতের রায়ে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেম তাকে খালাসের আদেশ দেন। রায় ঘোষণার সময় খন্দকার মোশাররফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

খন্দকার মোশাররফ হোসেনের বিদেশে অর্জিত আয় বৈধ হওয়ায় ওই আয়ের টাকা তিনি দেশে আনতে পারবেন বলে রায়ে উল্লেখ করেন বিচারক। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী থাকাকালে ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা পাঁচারের অভিযোগে ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি মানি লন্ডারিং আইনে রমনা থানায় এ মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার অভিযোগে বলা হয়, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী থাকার সময় খন্দকার মোশাররফ হোসেন ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা বিদ্যমান আইন না মেনে বিদেশে পাচার করেছেন। তিনি যুক্তরাজ্যের লয়েডস টিএসবি ব্যাংকে স্ত্রীর সঙ্গে যৌথ নামে আট লাখ চার হাজার ১৪২ দশমিক ১৩ ব্রিটিশ পাউন্ড জমা করেন। বর্তমান হারে ওই ব্রিটিশ পাউন্ডের মূল্যমান বাংলাদেশি টাকায় ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১। ব্যাংকের বার্ষিক বিবরণীতে বর্তমানে ওই হিসাবটিকে ‘ফ্রিজ’ (জব্দ) দেখানো হয়েছে।

এজাহারে বলা হয়, বিদেশে জমা করা অর্থ বা হিসাবের বিষয়ে মোশাররফ হোসেন তার সম্পদ বিবরণী বা আয়কর বিবরণীর কোথাও উল্লেখ করেননি। ২০১৫ সালের ২৮ অক্টোবর অর্থ পাচারের মামলায় খন্দকার মোশারফ হোসেন বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালত-১ অভিযোগ গঠন করেন। মামলাটি বিচার চলাকালীন আদালত দশ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত