বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করেছে কলেজের একাডেমিক কাউন্সিল। একই সঙ্গে আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেওয়ায় কলেজের ৯ শিক্ষককে বদলির সুপারিশ করেছে কাউন্সিল।
কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে গতকাল বুধবার রাতে একাডেমিক কাউন্সিলের এই সভা অনুষ্ঠিত হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতাকর্মী এবং শিক্ষকরা আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সদস্য। সভায় অধ্যক্ষকেও বদলির সুপারিশ করা হয়েছে।
সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহাদাত হোসেন আজ বৃহস্পতিবার দুপুরে দেশ রূপান্তরকে এসব তথ্য নিশ্চিত করেন।
অধ্যক্ষ বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ১৬ জুলাই সলিমুল্লাহ মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা হয়। আহত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে একাডেমিক কাউন্সিল শাস্তির সিদ্ধান্ত নেয়।
অধ্যক্ষ আরও জানান, শিক্ষার্থীদের বিষয়ে কাউন্সিলের সিদ্ধান্ত কলেজ কর্তৃপক্ষই বাস্তবায়ন করবে। তবে শিক্ষকদের বদলির সুপারিশ বাস্তবায়ন করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।
কাউন্সিলের বৈঠকে গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী, ৪৬তম ব্যাচের শিক্ষার্থী শাকের আহমেদ, ডা. তন্ময় ও ডা. সাব্বিরকে হল ও ক্যাম্পাস থেকে ১০ বছরের জন্য বহিষ্কার করা হয়। বহিরাগত ডা. দুর্জয়, ডা. জয়, ডা. সার্ফিনাজ, ডা. সার্দেকুল ও ডা. শহীদুলকে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হবে। অভিযুক্ত বহিরাগত ও ইন্টার্নরা কোনো ধরনের অনারারি প্রোগ্রাম (পোস্ট গ্র্যাজুয়েট বা ট্রেইনিং প্রোগ্রাম) বা চাকরি নিয়েও কলেজে আসতে পারবেন না।
শিক্ষার্থীদের মধ্য আলিফ, নওশীদ, আনিসকে হল ও ক্যাম্পাস থেকে তিন বছরের জন্য বহিষ্কার এবং ইন্টার্ন ডা. ফাহিম ও ডা. আজিজকে হল ও ইন্টার্নশিপ থেকে তিন বছরের জন্য বহিষ্কার করা হবে। বহিরাগত ডা. শাফিন, ডা. নুরুজ্জামানকে তিন বছরের জন্য ক্যাম্পাসে অবাঞ্ছিত থাকবেন।
পরোক্ষভাবে ভীতি প্রদর্শন ও গুজব ছড়ানোর দায়ে ছাত্র নওশীন, ঋতিকা, কেয়াকে সব ছাত্রীনিবাস ও ইন্টার্ন হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে ও মুচলেকার সিদ্ধান্ত হয়।
বহিরাগত ডা. সাগরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। গুজব রটানোর জন্য প্রমাকে সব ছাত্রীনিবাস ও ইন্টার্ন হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে ও মুচলেকা দিতে হবে। পরোক্ষভাবে বহিরাগত উস্কানিদাতা ডা. মজনু মিয়া, ডা. মাইদুল, ডা. রাতুল, ডা. আসাদুজ্জামান, ডা. নবাবকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
অধ্যক্ষসহ ৯ শিক্ষককে বদলির সুপারিশ: গত ১৬ জুলাই হামলার ঘটনায় ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক সুদীপ দাশগুপ্ত, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুস ছাত্তার সরকার, সহযোগী অধ্যাপক ডা. আমিরুজ্জামান সুমন এবং শান্তি সমাবেশে যোগ দেওয়ার জন্য অধ্যক্ষ অধ্যাপক শাহাদাত হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক আকাইদুজ্জামান, অধ্যাপক গোবিন্দ চন্দ্র সাহা, অধ্যাপক অজয় কুমার সরকার, সহকারী রেজিস্ট্রার অধ্যাপক ডা. প্রহ্লাদ পালকে বদলির জন্য সুপারিশপত্র পাঠানো হবে।
এ ছাড়া ৫০তম ব্যাচের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. নাজমুন নাহার রোজীকে বদলির জন্য কর্তৃপক্ষ সুপারিশপত্র পাঠাবে।
বন্যার ভুয়া ছবি ছড়াচ্ছেন ক্রিকেটাররাও!
শেখ হাসিনা আমার কথা পাত্তা দেননি: সালমান এফ রহমান
ওয়াসার সাবেক এমডি তাকসিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ট্রাকে করে স্পিডবোট নিয়ে ফেনী যাচ্ছেন তাসরিফ