ডুবল মিরসরাইয়ের চার ইউনিয়ন

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৬:৫৯ এএম

চট্টগ্রামের মিরসরাইয়ের চারটি উপজেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে আটকা পড়েছে অন্তত ৮০ হাজার মানুষ। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, ছাত্র-জনতা ও বিভিন্ন স্বেচ্ছসেবী সংগঠন। দুর্ঘটনার আশঙ্কায় বিদ্যুৎসংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে কিছু এলাকায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে মিরসরাইয়ের চারটি ইউনিয়নে বন্যার পানি বাড়তে শুরু করে। প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে মিরসরাইয়ের করেরহাট, হিঙ্গুলী, ধুম ও ওসমানপুর ইউনিয়নের প্রায় ৮০ হাজার মানুষ। এসব এলাকার অধিকাংশ বাড়িঘরে পানি প্রবেশ করেছে। প্রবল স্রোতের কারণে অনেকে নিরাপদ আশ্রয়েও যেতে পারছেন না। বেশি সমস্যা দেখা দিয়েছে বয়োবৃদ্ধ ও শিশুদের নিয়ে। প্লাবিত বেশিরভাগ এলাকার বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও। প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটছে অনেকের।

স্থানীয় সাংবাদিক ফিরোজ মাহমুদ জানান, বন্যার পানিতে প্লাবিত এলাকার বেশিরভাগ ঘরবাড়ি ডুবে গেছে। খাবার ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। গৃহপালিত পশু নিয়ে বেশিরভাগ মানুষ বিপাকে পড়েছে। যাতে অন্তত প্রাণটা বাঁচাতে পারে এই আশায় অনেকে পশুদের পানিতে ভাসিয়ে দিয়েছে। প্লাবিত বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ না থাকায় বন্ধ মোবাইল ফোন। ফলে প্রিয়জনদের সঙ্গে কেউ যোগাযোগ করতে পারছেন না। 

এ ব্যাপারে জানতে চাইলে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, এ পর্যন্ত ১৭০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বাকিদের উদ্ধারে ৩০টার অধিক স্পিড বোট আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে। বিকেল নাগাদ ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে কাজ করছে সেনাবাহিনী। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত