আগের দিনের মতোই ইসলামাদের আকাশ ছিল রৌদ্রজ্জ্বল। তবে বাংলাদেশের ইনিংসের শুরুটা হয়নি প্রত্যাশামতো। ওপেনার জাকির হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দ্রুত চলে যাওয়ায় কিছুটা বিপাকে পড়েছিল বাংলাদেশ। তবে আরেক ওপেনার সাদমান ইসলাম ও মুমিনুল হকে সেই ধাক্কা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।
মধ্যাহ্ন বিরতির আগে দুই উইকেট হারালেও বাংলাদেশ আছে ভালো অবস্থানে। ৪৮ ওভার শেষে তাদের সংগ্রহ ১৩৪ রান। সাদমান তুলে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় ফিফটিটি। তিন বছর ও ১০ ইনিংস পর পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস পেলেন তিনি। সবশেষ ২০২১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১১৫ রান করেছিলেন তিনি।
প্রথম সেশন শেষে বাংলাদেশ পিছিয়ে আছে ৩১৪ রানে। সাদমানের ব্যাট থেকে এসেছে ৬টি চার। মুমিনুল অপরাজিত আছেন ৪৫ রানে। তার ব্যাট থেকে আসে চারটি বাউন্ডারি।
পাকিস্তানের প্রথম উইকেট পড়েছিল জাকির হাসানের দুর্দান্ত এক ক্যাচে। এবার সেই জাকিরই ফিরলেন মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ক্যাচে।
নাসিম শাহর অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়েছিলেন জাকির। বাঁ দিকে ঝাঁপিয়ে প্রায় প্রথম স্লিপ বরাবর পজিশন থেকে ক্যাচ নিয়েছেন রিজওয়ান, যিনি গতকাল উইকেটকিপিং থেকে উঠে গিয়েছিলেন চোট নিয়ে। জাকিরের শট ভালো ছিল না মোটেও, রিজওয়ান ডাইভ না দিলে হয়তো ক্যাচটি পেতে পারতেন প্রথম স্লিপে থাকা বাবর আজমই। এরপরও রিজওয়ানের ক্যাচটি দৃষ্টিনন্দন! ইনিংসের ১৭তম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ, ৫৮ বলে ১২ রান করে থেমেছেন জাকির।
জাকিরের বিদায়ে মাঠে নেমেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অফ স্টাম্পের একটু বাইরে থেকে বল একটু ভেতরে ঢুকেছে। নাজমুল হোসেনের ব্যাট ও প্যাড গলে বোল্ড! ৪২ বলে ১৬ রানে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক।
