সাতক্ষীরা সীমান্তে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৫:৩২ পিএম

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে আমেরিকান পিস্তল, তিন রাউন্ড গুলি, দুই কেজি ওজনের রুপার অলংকারসহ তরিকুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়েছে। ২৩ আগস্ট রাত ১টা ৪০ মিনিটে কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্ত এলাকায় এই অভিযান চালায় বিজিবি। এর নেতৃত্ব দেন কাকডাঙা বিওপির নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারী।

আটক তরিকুল ইসলাম (৪০) কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক। 

এসময় লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক আরও বলেন, ভারত থেকে অস্ত্র ও রুপার একটি চালান বাংলাদেশে আসছে এমন গোপনসংবাদের ভিত্তিতে কাকডাঙা সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তরিকুল ইসলাম নামের এক চোরাচালানী ভারত থেকে আমেরিকান পিস্তল, তিন রাউন্ড গুলি ও ১ কেজি ৯৯৫ গ্রাম ওজনের রুপা নিয়ে দেশে ঢোকার সময় হাতে-নাতে ধরা পড়েন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ করা অস্ত্র ও রূপা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত