সর্বনিম্নে হংকংয়ের সংবাদমাধ্যমের স্বাধীনতা

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৬:১২ পিএম

চলতি বছরে হংকংয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা রেকর্ড সর্বনিম্নে পৌঁছেছে। হংকং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং হংকং পাবলিক অপিনিয়ন রিসার্চ ইনস্টিটিউটের বার্ষিক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

শূন্য থেকে ১০০ স্কেলের ভিত্তিতে একটি ‘ফ্রিডম ইনডেক্স’ প্রকাশ করেছে হংকং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং হংকং পাবলিক অপিনিয়ন রিসার্চ ইনস্টিটিউট। ওই ইনডেস্কে দেখা গেছে, গত বছরের তুলনায় শূন্য দশমিক ৭ পয়েন্ট কমে গিয়ে মাত্র ২৫ স্কোর অর্জন করেছে হংকংয়ের সংবাদমাধ্যমগুলো। এই স্কোরটি ২০১৩ সালে সমীক্ষা শুরু হওয়ার পর থেকে সর্বনিম্ন।

২৫০ জনেরও বেশি সাংবাদিক এবং প্রায় ১ হাজার সাধারণ মানুষের ওপর এই জরিপ পরিচালনা করা হয়। জরিপে জাতীয় সুরক্ষা আইনের প্রভাবের কারণে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগকে তুলে ধরেছে। ৯০ শতাংশেরও বেশি সাংবাদিক মার্চ মাসে প্রণীত নতুন সুরক্ষা আইনকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর বড় প্রভাব হিসেবে মনে করে।

অনুচ্ছেদ ২৩ নামে পরিচিত এই আইনটি গুপ্তচরবৃত্তি এবং বিদেশি হস্তক্ষেপের মতো অপরাধকে লক্ষ্য করে তৈরি হয়েছে। এটি ২০২০ সালে বেইজিংয়ের আরোপিত একই ধরনের আইন অনুসরণ করে, যা শহরটিতে গণতন্ত্রপন্থী বিক্ষোভের পর চালু হয়েছিল।

২০২০ সালের নিরাপত্তা আইনের অধীনে বর্তমানে বন্ধ হয়ে যাওয়া অ্যাপল ডেইলির প্রতিষ্ঠাতা মিডিয়া টাইকুন জিমি লাইয়ের বিচারকে বিশেষভাবে ক্ষতিকারক হিসাবে দেখা হয়েছিল। জরিপে অংশ নেওয়া ৯৪ শতাংশ সাংবাদিক তার ঘটনাকে শহরের গণমাধ্যমের স্বাধীনতার ওপর একটি বড় আঘাত হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া বেইজিংয়ে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদক মিনি চ্যানের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এইচকেজেএ চ্যানের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে, গত বছর বেইজিংয়ে একটি সুরক্ষা ফোরামে অংশ নেওয়ার পর থেকে যার কোনো খবর পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত