তাকদীর, কারাগার কিংবা সিনেমা ‘হাওয়া’র বদৌলতে পশ্চিমবঙ্গের দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয় চঞ্চল চৌধুরী। গেল ১৫ আগস্ট ভারতে মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত এই অভিনেতার ‘পদাতিক’ সিনেমা। কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের জীবনীনির্ভর ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন চঞ্চল।
‘পদাতিক’-এ মৃণাল চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য সাধারণ দর্শক থেকে সিনেবোদ্ধারও প্রশংসা পাচ্ছেন তিনি। সেই প্রশংসার দরুণ ভারতের গুণী অভিনেত্রী, নির্মাতা অপর্ণা সেন কুর্নিশ জানালেন এই অভিনেতাকে!
‘পদাতিক’ দেখে নিজের মুগ্ধতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখে জানিয়েছেন অপর্ণা সেন। ছবির বিভিন্ন দিক নিয়ে করেছেন আলোচনা। তবে তাকে ভীষণ মুগ্ধ করেছে মৃণাল চরিত্রে চঞ্চলের অভিনয়।
অপর্ণা লিখেছেন, ‘অভিনয় এই ছবির মস্ত বড় সম্পদ। বিশেষ করে চঞ্চল চৌধুরীর অভিনয়ে মৃণাল সেন একেবারে জীবন্ত হয়ে উঠেছেন। পাশাপাশি মনামীও খুবই বিশ্বাসযোগ্য গীতা সেনের চরিত্রে। চঞ্চল চৌধুরীর কথা বিশেষভাবে বলছি শুধু তার চেহারায় মৃণাল সেনের একটা আদল খুঁজে পাওয়া যায় (যে আদলকে অত্যন্ত চমৎকারভাবে কাজে লাগিয়েছেন পরিচালক) বলেই নয়; চঞ্চলবাবুর পর্দার উপস্থিতি এতটাই জোরালো যে, প্রায় যেকোনো চরিত্রেই তিনি ভালো অভিনয় করবেন। মৃণাল সেনের কণ্ঠস্বর, তার বসার ভঙ্গি, দাঁতের ফাঁকে পাইপ ধরে তাকাবার ধরন, সব কিছু সম্পন্ন হয়েছে আপাত অনায়াস দক্ষতায়। কিন্তু আমরা সবাই জানি প্রকৃতপক্ষে অন্য একজন মানুষকে আত্মস্থ করাটা ঠিক কতটা আয়াসসাধ্য। তাই পর্দায় বিশ্বাসযোগ্য মৃণাল সেন হয়ে ওঠার জন্য চঞ্চলবাবুকে কুর্নিশ জানাই। আশা করব উনি পশ্চিমবঙ্গে আরও অনেক ছবিতে অভিনয় করে আমাদের সিনেমাকে সমৃদ্ধ করবেন।’
‘পদাতিক’ দেখে সৃজিত সম্পর্কে ধারণাও পাল্টেছে অপর্ণার, এমন মন্তব্য করলেন তিনি। অপর্ণা লেখেন, “সৃজিতের সিনেমাগুলোতে এর আগে নতুন নতুন চমক পেয়েছি, পেয়েছি চাকচিক্য, অভিনবত্ব, টেকনিকের খেলা কিন্তু এতটা গভীরতা কোথায় ছিল এতদিন? আসলে ভালো সিনেমার প্রতি, পূর্বসূরিদের কাজের প্রতি, পরিচালকের একটা আন্তরিক ভালোবাসা জড়িয়ে রয়েছে এই ছবির পরতে পরতে। মৃণাল সেনের সিনেমা ও জীবন নিয়ে সৃজিত যে গভীরভাবে গবেষণা করেছেন এবং তার চেয়েও বড় কথা, তার সারমর্ম অন্তরে উপলব্ধি করেছেন, ‘পদাতিক ২০২৪’ ছবিটি তার প্রমাণ। সেই উপলব্ধিই খুঁজে নিয়েছে এই সিনেমার ভাষা। পদাতিক এখানে মৃণাল সেন, পদাতিক এখানে সৃজিত মুখোপাধ্যায়ও। তাই ‘পদাতিক ২০২৪’ ছবিটি সার্থকনামা।”
‘পদাতিক’-এ চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন কোরক সামন্ত (তরুণ মৃণাল সেন চরিত্রে), মনামী ঘোষ (গীতা দেবী মৃণাল সেন পতœী), সম্রাট চক্রবর্তী (মৃণাল ও গীতার একমাত্র পুত্র কুণাল সেনের চরিত্রে) প্রমুখ।
