সাংবাদিকদের বেবিচক চেয়ারম্যান

আনসার কর্মবিরতিতে গেলেও শাহজালালে সমস্যা হচ্ছে না

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৭:০৮ এএম

আনসার সদস্যরা কর্মবিরতিতে গেলেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকাণ্ডে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। গতকাল শুক্রবার আনসার সদস্যদের কর্মবিরতির পরবর্তী পরিস্থিতি অবলোকন ও মূল্যায়ন করতে শাহজালাল বিমানবন্দর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

বেবিচক চেয়ারম্যান শাহজালাল বিমানবন্দরে নিরবচ্ছিন্ন পরিষেবা চালু রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিমানবন্দরে কর্মরত আনসার সদস্যরা কর্মবিরতিতে চলে যাওয়ার পর বেবিচক কর্র্তৃপক্ষ বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত পদক্ষেপ নিয়েছে। অ্যাভিয়েশন সিকিউরিটি এবং বিমান বাহিনীর সহায়তায় পুরো কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা হয়। বিমান বাহিনীর এই সহায়তার জন্য তিনি বিমান বাহিনী প্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান।

বেবিচক চেয়ারম্যান বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে অনেক যাত্রী সময়মতো বিমানবন্দরে আসতে পারছেন না। এ কারণে যেন যাত্রীদের টিকিট রিইস্যু করতে বাড়তি চার্জ আদায় না করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইনস কর্র্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

সার্বিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় আকাশপথে যাত্রীদের যাতায়াত বৃদ্ধি পেয়েছে উল্লেখ করেন বেবিচক চেয়ারম্যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত