চাঁদপুরে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে কিশোরকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৯:৩৭ এএম

চাঁদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ কিশোর গ্যাং গ্রুফ। শুক্রবার (২৩ আগস্ট) রাতে শহরের চেয়ারম্যান ঘাট জেলা প্রাথমিক অফিসের সামনে এই ঘটনা ঘটে।

হামলায় নিহত মো. শাহিন (১৬) মৃত স্বপন সরকারের ছেলে। সে শহরের ব্যাংক কলোনী হাসান ভিলায় ভাড়া বাসায় বসবাস করতো। শাহিন শ্রমিকের কাজ ও অটোরিকশা চালাতো।

শাহিনের ভাগিনা আব্দুর রহমান শুভ বলেন, ’গত ২১ আগস্ট শহরের ব্যাংক কলোনী কালার মাঠ নাক স্থানে ফুটবল খেলাকে কেন্দ্র করে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে জড়ায় দুই পক্ষের কিশোররা। ওই সময় শান্ত নামের এক কিশোরের সাথে শাহিনের বাকবিতণ্ডা হয়। সেই দ্বন্দ্বের সূত্র ধরে ৪০-৫০ জন কিশোর মিলে পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে শাহিনের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র দিয়ে  কোপায়। ওই সময় তার সাথে ফাহিম নামের ছেলেকেও কোপাতে থাকে। আমরা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল নিয়ে আসলে । দায়িত্বরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করে। আর গুরুতর আহত জিহাদুল ইসলাম ফাহিম (১২) কে উন্নয়ন চিকিৎসার জন্য ঢাকায় পাঠনো হয়।’

কান্না জড়িত কণ্ঠে শাহিনের মা সাজেদা বেগম বলেন, ‘আমার ছেলে কি এমন করেছে তাকে মাইরা ফেলতে হবে। আমার এই ছেলে ছাড়া আর কেউ নাই। আমি ছেলে হত্যার বিচার চাই।’

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুনসুর আহমেদ বলেন, ‘হাসপাতালে আনার পূর্বেই ওই কিশোরের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসিন আলম বলেন, ‘আমরা প্রাথমিক তদন্ত করে জানতে পারি ফুটবল খেলায় সিনিয়র জুনিয়র নিয়ে কিশোরদের মধ্যে দ্বন্দ্ব হয়। বাকিটা পুরো তদন্ত সাপেক্ষে বলা যাবে। শাহিনের পরিবার এখনো মামলা করেনি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ আসলেই আমরা ব্যবস্থা গ্রহণ করব। বর্তমানে মরদেহ হাসপাতাল থেকে থানা হেফাজতে নিয়া আসা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত