ভারতে পালানোর পথে সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদকের মৃত্যু

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৯:৪৯ পিএম

সিলেটের তামাবিল সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর সময় মারা গেছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্না। শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত মেঘালয়ের শিলং পাহাড়ে ওঠার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

তবে ভিন্ন ভিন্ন তথ্যও পাওয়া গেছে। কেউ কেউ বলছেন, বিএসএফের গুলিতে তিনি প্রাণ হারিয়েছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে তার মরদেহের এক পাশে রক্তের স্তুপ দেখা যায়। এছাড়া তার পায়ে রক্তের দাগ দেখা গেছে। তবে শরীরের দৃশ্যমান অংশে (বুক, মুখ ও হাত-পায়ে) গুলি বা আঘাতের চিহ্ন দেখা যায়নি।

পান্নার মৃত্যুর খবর জানিয়ে শনিবার বিকাল থেকেই ফেসবুকে শোক জানিয়ে তার বন্ধু-বান্ধব, রাজনৈতিক কর্মীরা পোস্ট করছেন।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দিন পিরোজপুরে পান্নার ব্যয়বহুল বাড়িতে ছাত্র-জনতা হামলা করে ভাঙচুর, লুটপাট ও আগুন ধরিয়ে দেয়। এরপর তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত