রাশিয়ার জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) পাভেল দুরভ গ্রেপ্তার হয়েছেন। ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরাঞ্চলীয় একটি বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। রবিবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ফরাসি গণমাধ্যম জানিয়েছে, ৩৯ বছর বয়সী দুরভের প্রাইভেট জেট লে বোর্গেট বিমানবন্দরে অবতরণের পরই তাকে গ্রেপ্তার করা হয়। অ্যাপ-সংশ্লিষ্ট অভিযোগের জেরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুরভের বিরুদ্ধে মূল অভিযোগ টেলিগ্রামের মাধ্যমে অপরাধমূলক কার্যক্রম ঠেকাতে যথেষ্ঠ উদ্যোগ নিচ্ছেন না। অ্যাপের কার্যক্রমে নজর রাখার জন্য যথেষ্ঠ মডারেটরও নিয়োগ দেননি। এসব অভিযোগ নিয়ে তার বিরুদ্ধে তদন্ত চলছে।
রাশিয়ায় জন্ম নেওয়া দুরভ দুবাই থাকেন। ২০১৩ সালে তিনি টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন। শোনা যায়, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ফ্রান্সসহ আরও কয়েকটি দেশের নাগরিকত্ব রয়েছে তার। রাশিয়া, ইউক্রেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্যান্য দেশে টেলিগ্রাম বেশ জনপ্রিয়। বিশ্বের অন্যান্য দেশেও এর জনপ্রিয়তা বাড়ছে।
ব্যবহারকারীর ডেটা হস্তান্তর করতে অস্বীকার করায় ২০১৮ সালে রাশিয়ায় এই অ্যাপটি নিষিদ্ধ করা হয়। তবে ২০২১ সালে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তার আগে টেলিগ্রাম ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নিতে রুশ সরকারের পক্ষ থেকে চাপ প্রয়োগ শুরু হলে ২০১৪ সালে দুবাই চলে যান দুরভ। এরপর সেখান থেকেই অ্যাপটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
জনপ্রিয়তার দিক দিয়ে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক ও উইচ্যাটের পরই টেলিগ্রামের অবস্থান। ব্যবহারকারীর সংখ্যা ২০২৫ সালের মধ্যে ১০০ কোটি হবে বলে আশা করা হচ্ছে। ২০১৩ সালে টেলিগ্রাম প্রতিষ্ঠার এক বছর পর রাশিয়া ছেড়ে যান দুরভ।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাসের একটি খবরে বলা হয়েছে দুরভকে গ্রেফতারের খবরটি রুশ কর্তৃপক্ষ ইতোমধ্যেই জানতে পেরেছে এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। গ্রেফতারের বিষয়ে ফ্রান্সে অবস্থিত রাশিয়ার দূতাবাস ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নিচ্ছে বলেও রুশ সংবাদ মাধ্যমটির খবরে জানানো হয়েছে।
ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, টেলিগ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে দুরভ বিশ্বের অন্যতম সম্পদশালী ব্যক্তিতে পরিণত হয়েছেন। বর্তমানে তার সম্পদের পরিমাণ প্রায় সাড়ে ১৫ বিলিয়ন মার্কিন ডলার।
ফ্রান্সের বিমানবন্দর থেকে টেলিগ্রামের প্রধান নির্বাহী গ্রেপ্তার