বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনীনির্ভর বায়োপিক নির্মাণ করতে চেয়েছিলেন গীতিকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। এতে খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করেছেন নিপুণ আক্তার, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চরিত্রে ছিলেন হেলাল খান। ২০১৩ সালে ‘আপসহীন’ নামে সেই সিনেমার শুটিং শুরু হওয়ার পর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর হঠাৎ আলোচনায় আসে খালেদা জিয়ার সেই বায়োপিক মুক্তির খবর। তবে বিষয়টিকে একেবারে ‘ভিত্তিহীন’ দাবি করেছেন সিনেমাটির অভিনেতা হেলাল খান।
শনিবার (২৪ আগস্ট) গণমাধ্যমকে তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার বায়োপিক ‘আপসহীন’ ছবির মুক্তির খবরটি কয়েকটি অনলাইন, ইউটিউবে প্রকাশিত হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও দুরভিসন্ধিমূলক। এমনকি এই ছবির শুটিংই তো শেষ হয়নি।’
শুটিং শুরুর পর হঠাৎ কাজটি বন্ধ হয়ে যায় উল্লেখ করে হেলাল খান জানান, যত দূর মনে পড়ে এফডিসিতে ৫-৭ দিন শুটিং করেছিলাম। তারপর পুরো কাজটা বন্ধ হয়ে যায়।
‘আপসহীন’ মুক্তি পাচ্ছে এমন খবরে অবাক ও বিব্রত হয়েছে জানিয়ে এ প্রযোজক বলেন, বায়োপিক নির্মাণ নিয়ে ২০১৩ সালে গাজী মাজহারুল আনোয়ার ভাই ও আমি পরিকল্পনা করেছিলাম। তখন কিছু শুটিংও হয়েছিল। ওই সময় রাজনৈতিক মামলায় আমি গ্রেপ্তার হই। ফলে বয়োপিক নির্মাণ বন্ধ হয়ে যায়, এরপর আর কখনো কোনো শুটিং হয়নি।
২০১৩ সালের পর ২০১৪ সালের নির্বাচন এবং পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত রাজনৈতিক পটভূমিতে অনেক পরিবর্তন হয়েছে। এসব পট-পরিবর্তনের কারণে আর কখনো বায়োপিক নির্মাণের বিষয়ে চিন্তা-ভাবনা করিনি। কাজেই বায়োপিক মুক্তির বিষয়টি মিথ্যা, গুজব, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক, উদ্দেশ্যপ্রণোদিত ও দুরভিসন্ধিমূলক বলে দাবি করেন হেলাল খান।
