‘মিম পোস্ট করায় ফাঁসি হতে পারে’ টেলিগ্রাম প্রধানকে গ্রেপ্তার করায় ইলন মাস্ক

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৬:২৬ পিএম

টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও পাভেল দুরভকে প্যারিসের কাছেই লে বুর্জেট বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পাভেলের গ্রেপ্তারের খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন টেক জায়ান্ট এক্স (পূর্বে টুইটার) এর মালিক ইলন মাস্ক।

ফরাসি গণমাধ্যম জানিয়েছে, দুরভকে তার ব্যক্তিগত জেট থেকে বের হওয়ার পর আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি টেলিগ্রামের মাধ্যমে অপরাধমূলক কার্যক্রম ঠেকাতে যথেষ্ঠ উদ্যোগ নেননি এবং নজরদারির জন্য পর্যাপ্ত মডারেটর নিয়োগ দেননি। যার ফলে এই টেক প্ল্যাটফর্মে অপরাধমূলক ক্রিয়াকলাপ বাড়ছে।

এ ঘটনার পর এক্সের স্বত্ত্বাধিকারী ইলন মাস্ক দুরভকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বেশ কয়েকবার পোস্ট করেছেন। তিনি তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও মডারেশন ও অবৈধ কার্যক্রমের অভিযোগকে নিন্দা জানিয়েছেন।

মাস্ক তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে ব্যঙ্গাত্মকভাবে ক্যাপশন দিয়ে একটি বার্তা পোস্ট করেছেন। এতে তিনি লিখেছেন, ‘প্রথম সংশোধনীর জন্য এই বিজ্ঞাপনটি দেখুন। এটা খুবই বিশ্বাসযোগ্য। পোস্টটিতে দুরভের গ্রেপ্তারের বিস্তারিত তুলে ধরা হয়েছে, যা টেলিগ্রামের বিরুদ্ধে চলমান তদন্তকে তুলে ধরেছে।’

এখানেই থেমে থাকেননি মাস্ক। এরপর তিনি ওএসআইএনটিডিফেন্ডার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট পুনরায় শেয়ার করে নিজের ক্যাপশন যোগ করেন, ‘এরকম চলতে থাকলে ২০৩০ সাল নাগাদ ইউরোপে বসে মিম পোস্ট করার জন্য আপনাকে ফাঁসি দেওয়া হতে পারে।’

এই মন্তব্যটি ইউরোপে বাকস্বাধীনতার ভবিষ্যত নিয়ে মাস্কের উদ্বেগকে নির্দেশ করে। এখানে তিনি ইঙ্গিত দিয়েছেন, সাধারণ অনলাইন কার্যকলাপও মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।

কথিত আছে, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ফ্রান্সসহ আরও কয়েকটি দেশের নাগরিকত্ব রয়েছে তার। রাশিয়া, ইউক্রেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্যান্য দেশে টেলিগ্রাম বেশ জনপ্রিয়। বিশ্বের অন্যান্য দেশেও এর জনপ্রিয়তা বাড়ছে।

ইউজারদের ডাটা সরকারের হাতে তুলে দিতে অস্বীকার করায় ২০১৮ সালে রাশিয়ায় এই অ্যাপ ব্যান করা হয়। তবে ২০২১ সালে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। জনপ্রিয়তার দিক দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেঞ্জারের কাতারে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক ও উইচ্যাটের পরই টেলিগ্রামের অবস্থান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত