জয়ের জন্য টার্গেট বেশ বড়ই ছিল। কিন্তু ব্যাটারদের দক্ষতায় অনেকটাই কাছে চলে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। শেষ ৪২ বলে প্রয়োজন মাত্র ৫৫ রান। টি-টোয়েন্টিতে এটা মামুলি টার্গেট। কিন্তু দক্ষিণ আফ্রিকা তো ‘চোকার্স’, তারা জিতবে কীভাবে? ২০ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে তারা ম্যাচটি হেরে গেল ৩০ রানে! টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ।
ত্রিনিদাদে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৭৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। তবে তাদের ইনিংসে কোনো ফিফটি নেই। ২২ বলে ২ চার ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার শেই হোপ। আরেক ওপেনার অলিক আথানাজে করেন ২৮ রান। মিডল অর্ডারে অধিনায়ক রোভম্যান পাওয়েল (৩৫) আর শেরফেন রাদারফোর্ডের (২৯) ২৮ বলে ৪৭ রানের জুটিটাই ক্যারিবিয়ানদের বড় স্কোর এনে দেয়। বল হাতে ২ উইকেট নেন প্যাট্রিক ক্রুজার।
রান তাড়ায় নেমে ৬৩ রানের ওপেনিং জুটিতে দক্ষিণ আফ্রিকার ভিত শক্ত করে দেন রায়ান রিকেলটন (২০) আর রেজা হেনড্রিকস। দুজনের মাঝে হেনড্রিক ছিলেন বিধ্বংসী, খেলেন ১৮ বলে ৬ চার ২ ছক্কায় ৪৪ রানের ইনিংস। অধিনায়ক মার্করাম তিনে নেমে ৯ বলে করেন ১৯ রান। ট্রিস্টান স্টাবস (২৮) ও রসি ফন ডার ডুসেন (১৭) দলকে ভালোই এগিয়ে নিচ্ছিলেন। এই দুজন আউট হতেই শুরু হয় ধস। ২০ রানে নেই ৭ উইকেট! ৩ উইকেটে ১২৯ থেকে মুহূর্তেই ১৪৯/১০ হয়ে যায় প্রোটিয়াদের স্কোর। ৩টি করে উইকেট নেন শামার জোসেফ আর রোমারিও শেফার্ড। এছাড়া আকিল হোসেন নিয়েছেন ২টি।
আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ত্রিনদাদে সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলবে দুই দল।
পাকিস্তানের সচেতনতার অভাব, বাংলাদেশ খেলেছে ব্র্যান্ড ক্রিকেট: আফ্রিদি
এমবাপ্পের বদলি নেমে অভিষেকে গোল এনদ্রিকের