ইউরোপে সফর শেষে পোল্যান্ড হয়ে দিল্লি ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফেরার পথে মোদিকে বহনকারী উড়োজাহাজটি পাকিস্তানের আকাশসীমায় ৪৬ মিনিট সময় কাটিয়েছিল। পাকিস্তানের জিও নিউজের খবরে এ তথ্য জানানো হলেও আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত করা হয়নি।
পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি (পিসিএএ) সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান গতকাল সকাল ১০টা ১৫ মিনিটে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে এবং ১১টা ১ মিনিটে ছেড়ে যায়। বিমানটি চিত্রাল হয়ে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে এবং ভারতের অমৃতসরে প্রবেশের আগে ইসলামাবাদ ও লাহোরের বিমান নিয়ন্ত্রণ অঞ্চল অতিক্রম করে।
২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে ভারতীয় যুদ্ধবিমান। এরপর থেকে ভারতের জন্য নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয় পাকিস্তান। পরবর্তী সময় মার্চে আকাশসীমা আংশিক খুলে দেওয়া হয়। তবে ভারতীয় উড়োজাহাজের জন্য সেটা নিষিদ্ধ ছিল।
একই বছর জার্মানি জার্মানি সফরের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধ প্রত্যাখ্যান করে পাকিস্তান। যদিও দুই বছর পর মোদি যখন যুক্তরাষ্ট্র সফর করেন, তখন তাকে বহনকারী উড়োজাহাজটিকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছিল পাকিস্তান।
