পূর্ণ সক্ষমতায় ফিরছে আদানির বিদ্যুৎকেন্দ্র

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৪:২১ পিএম

কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকা ভারতের আদানি পাওয়ার আবার বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। ফলে দুই ইউনিটের কেন্দ্রটি থেকে এখন পূর্ণ সক্ষমতায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে।

গত ১৩ আগস্ট কারিগরি ত্রুটির কারণে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল শুধুমাত্র প্রথম ইউনিট থেকে। প্রায় ১৫ দিনের মাথায় সোমবার বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে দ্বিতীয় ইউনিটও উৎপাদনে ফিরে।

এরপর আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৮টায় ১ম ইউনিট থেকে ৫১৩.৩২ মেগাওয়াট ও ২য় ইউনিট থেকে ৬৬৮.৫৭ মেগাওয়াট এবং দুপুর ১টা নাগাদ ১ম ইউনিট থেকে ৫৯৩.৩৫ মেগাওয়াট ও ২য় ইউনিট থেকে ৭৬৩.৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন রেকর্ড করা হয়েছে।

আদানির এক বিবৃতিতে বলা হয়, এতদিন আদানির এক ইউনিট বন্ধ থাকলেও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিল কোম্পানিটি।

আদানি অপ্রত্যাশিত কারিগরি ত্রুটির জন্য দুখঃপ্রকাশ করে জানিয়েছে , আদানির মতো যে কোনো দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানির পাওয়ার প্লান্ট চালানোর ক্ষেত্রে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে।

এদিকে সম্প্রতি ভারতে জ্বালানি আইনের সংশোধন দুই দেশের মধ্যে বিদ্যুৎ সরবরাহে চুক্তিতে কোন প্রভাব ফেলবে না। চুক্তি অনুযায়ী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে আদানি প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে পিডিবির কাছে আদানির বকেয়া প্রায় ৮০ মিলিয়ন ডলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত