চট্টগ্রাম নগরে ট্রাফিক পুলিশের এক কনস্টেবলকে মারধরের অভিযোগে রফিকুল ইসলাম নামে পাজেরো জিপ গাড়ির এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার গাড়িটিও (ঢাকা মেট্রো-ঘ ১৭-৪৮২৪) জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা দেড়টার দিকে খুলশি থানাধীন ১ নং রোডে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার রফিকুল সাউথ ইস্টার্ন ফুড প্রোডাক্ট লিমিটেড নামের প্রতিষ্ঠানের গাড়ি চালক। পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে রফিকুলকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাকরি থেকে বরখাস্ত করেছে বলে নগর পুলিশ সুত্রে জানা গেছে
ঘটনার বর্ণনা দিয়ে নগর ট্রাফিক পুলিশ উত্তর বিভাগের উপকমিশনার জয়নুল আবেদিন জানান, খুলশী ১ নং রোডে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল সোহরাব হোসেন। যানবাহনের ভিড় থাকায় খুলশি ১ নং রোড থেকে মূল সড়কের দিকে কোনো গাড়ি না যেতে সিগন্যাল দেন কনস্টেবল সোহরাব। কিন্তু সিগন্যাল না মেনে পাজেরো জিপটি উল্টো দিক থেকে চালিয়ে মূল সড়কে উঠে পড়েন রফিকুল।
এ সময় কনস্টেবল সোহরাব গাড়ি চালক রফিকুলের কাছে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণ জানতে চাইলে জিপের আয়না খুলে কনস্টেবল সোহরাবকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেন। একপর্যায়ে গাড়ি চালানো অবস্থায় এক হাতে কনস্টেবল সোহরাবের শার্টের কলার ধরে টেনেহিঁচড়ে তাকে অনেক দূরে নিয়ে যান। এ সময় সেখানে উপস্থিত ছাত্র-জনতার ওই গাড়ি চালক রফিকুলকে ধাওয়া দেন। একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে জিপটি রাস্তায় ফেলে পালিয়ে যান রফিকুল। পরে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সহযোগীতায় গাড়ি চালক রফিকুলকে ট্রাফিক উত্তর বিভাগে হাজির করলেব তাকে খুলশী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আহত কনস্টেবল সোহরাব হোসেনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে খুলশী থানায় মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।
