আরপিসিএল এমডি পদে বিপুর আস্থাভাজন সবুরের মেয়াদ আর বাড়ল না

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১০:৩৭ পিএম

নানা চেষ্টা তদবিরের পরও রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে প্রকৌশলী মো. আবদুস সবুরের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ বৃদ্ধির প্রস্তাব বাতিল করেছে সরকার। সবুর সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর আস্থাভাজন হিসেবে পরিচিত।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিদ্যুৎ বিভাগের উপসচিব মাকসুদা খন্দকার স্বাক্ষরিত এক অফিস আদেশে সবুরের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব বাতিল হয়। দুই দফা চুক্তিভিত্তিক মেয়াদ শেষে তৃতীয় দফা মেয়াদ বৃদ্ধির জন্য গত ১০ জুলাই আবারও আবেদন করেছিলেন তিনি।

বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা জানান, মেয়াদ বৃদ্ধির প্রস্তাবটি সাবেক প্রতিমন্ত্রীর কাছে পাঠানো হয় এ মাসের শুরুতে। এরপর দুই দিন সাপ্তাহিক ছুটি এবং একদিন পরই আওয়ামী লীগ সরকারের পতনের কারণে সেটি আটকে যায়। একদিন সময় পেলেই তার চাকরির মেয়াদ বেড়ে যেত।

সরকার পতনের পর পেছনের তারিখ দিয়ে চাকরির মেয়াদ বাড়ানোর চেষ্টা হলেও শেষমেশ শীর্ষ কর্মকর্তারা রাজি হননি। অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও মেয়াদ বৃদ্ধির চেষ্টা তদবির অব্যাহত ছিল। তবে তা সফল হয়নি বলে একটি সূত্র জানিয়েছে। বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক পদে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. সেলিম ভূঁইয়াকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

আব্দুস সবুর ২০০৩ সালে আরপিসিএলের এমডি পদে যোগ দেন। অনিয়ম-দুর্নীতির অভিযোগে ২০০৫ সালে তিনি চাকরি হারান। পরে তিনি আদালতে মামলা করেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালে আবার চাকরি ফিরে পান আব্দুস সবুর। ২০২২ সালে তার বয়স ৬২ বছর পূর্ণ হওয়ায় স্বাভাবিক নিয়মে চাকরি শেষ হলে তাকে এমডি পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। পরবর্তীতে দ্বিতীয় দফায় আবারও এক বছরের মেয়াদ বাড়ানো হয়।

একটি সূত্র জানায়, সর্বশেষ ২০২৩ সালে আরপিসিএলের বোর্ড সভায় আব্দুস সবুরের দ্বিতীয় দফা চুক্তিভিত্তিক মেয়াদ বৃদ্ধির সুপারিশ করা হয়। বোর্ডের সদস্যরা তখন এক বছরের সুপারিশ করলেও প্রস্তাবটি সাবেক প্রতিমন্ত্রীর কাছে গেলে তিনি আরও এক বছর বাড়িয়ে দুই বছর মেয়াদ বাড়ানোর নির্দেশ দেন। সচিবালয়ের কর্মকর্তারা বিতর্ক এড়াতে প্রতিমন্ত্রীকে বোর্ড সভার সুপারিশের কথা স্মরণ করিয়ে সেটি বিবেচনার অনুরোধ জানালে তাতে রাজি হয়ে এক বছর মেয়াদ বৃদ্ধির নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত আব্দুস সবুরকে এমডি পদে রাখার অলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে একাধিক সূত্র জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত