চাঁদাবাজির অভিযোগে ঢাকা-৪ (কদমতলী-শ্যামপুর) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলাসহ তার অনুসারী কয়েক জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী শ্যামপুর থানাধীন আমীর টাওয়ারের কর্ণধার অহিদুজ্জমান বাবুল ওরফে বাবুল মিয়া ও মাসুদ পারভেজ গত ২২ আগস্ট মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন শেখ মাসুকুর রহমান, সাইদুর রহমান নান্নু, শামসুজ্জামান কাজল, মো. কফিল উদ্দিন, মো. সাহিদুল্লাহ, মাহবুবুর রহমান, সালমা হোসেন ও শাকিল রহমান।
মামলার বিবরণ থেকে জানা যায়, 'আসামিরা ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বাদীদ্বয়ের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়, মেরে ফেলার হুমকি দিয়ে ফ্ল্যাট রেজিস্ট্রেশন করে নেন।' আদালত মামলা দুটি আমলে নিয়ে সংশ্লিষ্টদের তদন্তের নির্দেশ দিয়েছেন।
