নতুন উপাচার্য পেয়ে প্রাণের সঞ্চার বিএসএমএমইউতে

  • প্রথম কর্মদিবসে চিকিৎসকদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক
  • শুনলেন অভিযোগ, আশ্বাস সমাধানের
  • দেখতে গেলেন চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৮:২৫ পিএম

নতুন উপাচার্য পেয়ে প্রাণ ফিরে পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। নিজেদের মানুষ হওয়ায় বেশ উদ্দীপ্ত সবাই। দীর্ঘদিন ধরে কাছে থেকে দেখা ও একসাথে কাজ করা শিক্ষক, চিকিৎসক ও নার্সদের মধ্যে নতুন উদ্দীপনা কাজ করছে। তাদের মতে পরিবর্তিত প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় থেকে নিজেদের সহকর্মীকে নতুন উপাচার্য করায় সব ধরনের ভয় ও শঙ্কা কেটে গেছে।

আজ বুধবার (২৮ আগস্ট) ছিল নতুন উপাচার্য অধ্যাপক ডা. সায়েদুর রহমানের প্রথম কর্মদিবস। সকাল সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ে আসেন তিনি। বি ব্লকের প্রশাসনিক ভবনে নিজ কার্যালয়ে বসেন। আগেই বলা ছিল কোন শুভেচ্ছা জানাতে হবে না, যে যার মতো কাজ করবেন। তারপরও নিজেদের মানুষকে উপাচার্য হিসেবে পেয়ে আনন্দে উদ্বেলিত সবাই কক্ষে এসে উপাচার্যকে শুভেচ্ছা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক উপাচার্য কার্যালয়ের একজন কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, এই উপাচার্যকে পেয়ে সবার মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনসহ পরিবর্তিত প্রেক্ষাপটে এই উপাচার্য সবার মধ্যে সাহসের সঞ্চার করেছেন। ভয় আতঙ্ক কেটে গেছে। 

এই কর্মকর্তা আরও বলেন, নতুন উপাচার্যকে ঠিকমত কাজ করতে দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের যথার্থ উন্নয়ন হবে। কারণ তিনি একজন মেধাবী শিক্ষক ও গবেষক।

উপাচার্য কার্যালয় থেকে জানানো হয়, সকালে এসেই উপাচার্য কনফারেন্স রুমে সব শ্রেণির চিকিৎসকদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন। এ সময় তিনি চিকিৎসকদের অভিযোগ শোনেন। তিনি নিয়ম অনুযায়ী সব ধরনের সংকট সমাধানের আশ্বাস দেন। 

পরে উপাচার্য হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত শিক্ষার্থী ও জনতাকে দেখতে যান। তিনি হাসপাতালের কেবিন ব্লক ও সাধারণ জরুরি বিভাগে চিকিৎসাধীন শিক্ষার্থী ও আহত ব্যক্তি, স্বজনদের সাথে কথা বলেন। আহতদের উন্নত ও যথাযথ চিকিৎসায় প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীসহ আহত ১৮১ জনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। বর্তমানে আইসিইউতে ২ জনসহ চিকিৎসাধীন রয়েছেন ৩১ জন। মারা গেছেন ২ জন। আহতদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ওষুধপত্র, অপারেশনসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর ডা. শেখ ফরহাদ, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. আবু নাসের প্রমুখ উপস্থিত ছিলেন। 

গত মঙ্গলবার (২৭ আগস্ট) বিএসএমএমইউ উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮’-এর ১২ ধারা অনুযায়ী অধ্যাপক ডা. সায়েদুর রহমান, চেয়ারম্যান, ফার্মাকোলজি বিভাগ, বিএসএমএমইউ, ঢাকাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শূন্য পদে শর্ত সাপেক্ষে নিয়োগ করা হলো। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ১৪তম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন এই বিশেষজ্ঞ চিকিৎসক ও শিক্ষক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত