চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত মদ পান করে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত একজন ৭ নং ওয়ার্ড চৌধুরীপাড়া গ্রামের আবুল বশর (৪৪) ও ৪ নং ওয়ার্ড দীঘিনামা গ্রামের জাহাঙ্গীর আলম (৪৮)।
বাড়বকুন্ড ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. সোহেল জানান, আবুল বশর নামের এক ব্যক্তি মৃত্যুবরণ করার খবর পেয়ে সকাল ১০টায় আমি জানাজায় উপস্থিত হই। জানাজায় লোকজনের সাথে কথা বলে জানতে পারি বসর ছাড়াও আরো এক ব্যক্তি বিষাক্ত মদ পান করে গতরাতে মৃত্যুবরণ করেন। পরিবারের লোকজন তড়িঘড়ি করে কাউকে কিছু না জানিয়ে তাদের কবর দিয়ে ফেলে। বসরের নামে একাধিক ডাকাতি ও অপহরনের মামলা রয়েছে।
সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার এসআই রাজিব পোদ্দার বলেন, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে তদন্ত করতে যায়। প্রাথমিকভাবে তারা বিষাক্ত মদ পানে মারা গেছে বলে আমরা জানতে পারি। তবে এই ঘটনায় কারো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।
