পুলিশ সংস্কারে আসছে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৭:০৫ এএম

নানাভাবে বিতর্কিত হয়ে পড়া বাংলাদেশ পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে দেশের অন্তর্বর্তী সরকার। যার অংশ হিসেবে বাহিনীটির সংস্কারে সদস্যদের প্রশিক্ষণ ও আনুষঙ্গিক সহযোগিতা দিতে যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ দল আগামী মাসে বাংলাদেশে আসছে। গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাতে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সহযোগিতার এই বার্তা দেন। বৈঠকে পুলিশ সংস্কারে সহায়তা ছাড়াও সন্ত্রাস দমনে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা, অবৈধ অভিবাসন মোকাবিলা এবং বন্যা পুনর্বাসন ও রোহিঙ্গাদের সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি দক্ষ, নিরপেক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে তারা পুলিশ বাহিনীর সংস্কারের উদ্যোগ নিয়েছেন। প্রশিক্ষণ ও আনুষঙ্গিক বিষয়ে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন তিনি। এর জবাবে ব্রিটিশ হাইকমিশনার জানিয়েছেন, সেপ্টেম্বরে যুক্তরাজ্যের এ-সংক্রান্ত একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশ সফর করবে। তারা বাংলাদেশকে এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা করতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত