হৃদরোগ নাকি গুলি? কিভাবে মৃত্যু হল আ.লীগ নেতা পান্নার?

  • হৃদরোগ নাকি গুলি? আ.লীগ নেতা পান্নার মৃত্যু নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা
  • কয়েকজনকে সাথে নিয়ে গত শনিবার ভারতে পালানোর চেষ্টা করেছিলেন তিনি
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১২:০২ পিএম

সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় মারা গেছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্না। বুধবার পান্নার মরদেহ উদ্ধারের কথা স্বীকার করেছে মেঘালয় রাজ্য সরকার।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, গত সোমবার (২৬ আগস্ট) ভারত -বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় দেড় কিমি দূরে এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে মেঘালয় পুলিশ। পূর্ব জয়ন্তী পাহাড়ের দোনা ভই এলাকার এক পানের বরোজের ভেতর মরদেহটি পাওয়া যায়।

মেঘালয় রাজ্য সরকার জানায়, উদ্ধারকৃত মৃতদেহের পকেটে একটি পাসপোর্ট পাওয়া গেছে। পাসপোর্টটিতে ইসহাক আলী খান পান্না নাম লিখা।

কেউ কেউ ধারণা করছেন, মেঘালয়-বাংলাদেশ সীমান্তের পাহাড় টপকানোর সময় আচমকা হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। আবার কেউ কেউ বলছেন গুলির কারণে মারা গেছেন আ.লীগ নেতা পান্না। আসলে গুলি, নাকি স্ট্রোকজনিত কারণে, কি কারণে মৃত্যু হয়েছে আ.লীগ নেতা পান্নার?

পান্নার পরিবার বলছে, গত শনিবার পান্নাসহ কয়েকজন ভারতে পালানোর উদ্দেশ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকা দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি এলাকায় যান। ভোর ছয়টার দিকে ওই এলাকার একটি পাহাড়ে ওঠেন। পাহাড় পার হয়ে তাঁদের গন্তব্যে যাওয়ার কথা ছিল।

পান্নার সাথে থাকা একব্যক্তির বরাতে তার পরিবার বলছে, ডাউকি পাহাড়ে ওঠার পর পান্নার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং এক পর্যায়ে তিনি মারা যান।

তবে অন্য একটি সূত্র বলছে, গুলিতেও মৃত্যু হতে পারে পান্নার। বিএসএফের তাড়া খেয়েই মূলত তাঁর মৃত্যু হয়। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পান্নার মরদেহের ছবি ছড়িয়ে পরে। সেখানে দেখা যায়, পান্নার একটি পায়ের নিচের দিকে রক্ত ঝরছে।

এদিকে মরদেহ উদ্ধারের পর গত সোমবার উমকিয়ং থানা-পুলিশ পান্নার মরদেহ মর্গে পাঠায়। লাশ বর্তমানে পুলিশের হেফাজতে মর্গে আছে।

এদিকে আ.লীগ নেতা পান্নার ভাই জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে লাশ দেশে আনার জন্য আবেদন করেছেন তিনি।

গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে আত্মগোপনে ছিলেন ইসহাক আলী খান পান্না। সেদিনই তাঁর পিরোজপুর শহরের পাড়েরহাট সড়কের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এরপর কয়েকজনকে সাথে নিয়ে গত শনিবার ভারতে পালানোর চেষ্টা করেছিলেন তিনি।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত