‘গেম চেঞ্জার’ সিনেমা দিয়ে প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধতে চলেছেন রামচরণ ও কিয়ারা আদভানী। ঘোষণার পর থেকেই খবরের শিরোনামে আছে এস শঙ্কর ও দিল রাজু পরিচালিত এ সিনেমাটি।
বলা হচ্ছে, এ বছর দক্ষিণ ভারতীয় সিনেমাগুলোর মধ্যে বহুল প্রতীক্ষিত সিনেমার একটি ‘গেম চেঞ্জার’। বর্তমানে সিনেমাটি নিয়ে খুব আলোচনা হচ্ছে। এদিকে পর্দায় আবারও রাম-কিয়ারা জুটিকে দেখার অপেক্ষায় আছেন ভক্তরা।
সিনেমাটির নির্মাতারা ঘোষণা করেছেন, সিনেমাটি এ বছর ক্রিসমাসে মুক্তি পাবে। তবে কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, রামচরণ কিছু অংশের শুটিং না করায় গেম চেঞ্জারের মুক্তি ২০২৫ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হতে পারে। এই সিনেমা নিয়ে এটিই বড় গল্প ছিল।
তবে চলমান মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র সপ্তাহে সিনেমা নিয়ে কথা বলেছেন প্রযোজক দিল রাজু। তিনি স্পষ্ট করে বলেছেন, আমাদের শুটিং শেষ হয়েছে। এ বছরের ক্রিসমাসের সময় সিনেমাটি মুক্তি দেওয়া হবে। তিনি বিশ্বাস করেন, এই জুটির সিনেমা প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করবে।
তিনি আরও বলেন, সিনেমাটি ভারতীয় রাজনীতির একটি দিককে সামনে এনেছে এবং একটি সামাজিক থিমকে ঘিরে আবর্তিত হয়েছে। এই সিনেমা দর্শকের মন ছুঁয়ে যাবে ও বড় সাফল্য পাবে। দিল রাজু বলেন, এটি পুরোপুরি বাণিজ্যিক সিনেমা ও একটি টিপিক্যাল নায়ক-খলনায়ক চলচ্চিত্র।
গত মার্চে সিনেমাটির প্রথম গান 'জারাগান্ডি' প্রকাশিত হয় এবং গানটি বেশ হিট হয়েছিল। মুক্তির পরপরই গানটি খবরের শিরোনামে এসেছিল এবং মানুষ এই জুটির রসায়ন পছন্দ করেছে।
‘গেম চেঞ্জার’ একজন সৎ আইএএস অফিসার এবং নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের গল্প। ২০২১ সালের অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হয় এবং চলতি বছরের জুলাইয়ে শেষ হয়।
৮২তম গোল্ডেন গ্লোবস সঞ্চালনা করবেন নিকি গ্লেজার
১৫ বছরেও নেই কোনো হিট সিনেমা, তবুও ভারতের ধনী অভিনেত্রী