মেহজাবীনের প্রতিবাদ

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০১:০৬ এএম

সামাজিক মাধ্যমে সবসময়ই সরব থাকেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক নানা বিষয় নিয়েই তিনি প্রতিক্রিয়া জানান। সমাজের ক্ষত নিয়ে কথা বলেন, নিজের বক্তব্যের মাধ্যমে অসংগতি দূর করতে চান। মেহজাবীনের এইসব প্রতিক্রিয়া ধ্বনি-প্রতিধ্বনি হয়ে ছড়িয়ে পড়ে পাহাড়ে-সমতলে। তবে সমসাময়িক একটি ঘটনায় রীতিমতো আহত হয়েছেন সদ্য চলচ্চিত্রে প্রবেশ করা এই অভিনেত্রী। এর প্রতিকার যেমন চেয়েছেন, তেমনই পুলিশেরও দৃষ্টি আকর্ষণ করেছেন। বিষয়টি তার ব্যক্তিগত না হলেও তিনি পুলিশকে তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত সময়ের মধ্যে জেলে পাঠানোর দাবি জানান।

রয়া তাসনিম নামের এক অপরিচিত নারী ফেসবুকে নিজের ওপর ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার বর্ণনা দিয়েছেন। সেটি চোখে পড়েছে মেহজাবীনের। পোস্টে নির্যাতিতা রয়া জানান, তার স্বামী মারাত্মকভাবে তাকে আহত করেছেন এবং মেরে ফেলার চেষ্টাও করছেন এখন। পাশাপাশি ওই পোস্টের সঙ্গে প্রমাণস্বরূপ কিছু ছবিও প্রকাশ করেছেন রয়া। যেখানে দেখা যাচ্ছে ভয়ংকর আহত অবস্থায় হাসপাতালে পড়ে আছেন তিনি।

রয়ার দাবি, তার স্বামী ক্ষমতাধর বলে পুলিশের কাছে গিয়েও কোনো বিচার পাননি তিনি। ঘটনাটি গত ১০ এপ্রিলের। তবে এখন নতুন বাংলাদেশের পুলিশ প্রশাসনই শেষ ভরসা তার। প্রত্যাশা করছেন এবার হয়তো বিচার পাবেন তিনি, নিশ্চিত করতে পারবেন তার স্বাভাবিক জীবন। এই পোস্টটি নিজের ফেসবুকে শেয়ার করে মেহজাবীন লিখেছেন, এই অভিযোগটি অবশ্যই তদন্ত করা উচিত যত দ্রুত সম্ভব। এখনই অভিযুক্ত স্বামীকে জেলে পাঠানো উচিত। ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ট্যাগ করে মেহজাবীন আরও লেখেন, আমি আশা করছি এই প্রতিক্রিয়াটি দেখবেন তারা।

মেহজাবীন চৌধুরী ক্যারিয়ারের অসংখ্য নাটকের মাধ্যমে ভক্তদের মন কেড়েছেন। নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন এ অভিনেত্রী। চলচ্চিত্রের নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন, যদিও দেশের প্রেক্ষাগৃহে ‘সাবা’ নামের এই চলচ্চিত্রটি মুক্তি পায়নি।

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ) ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে চলচ্চিত্র ‘সাবা’। মাকসুদ হোসেনের পরিচালনায় ছবিটির টিকিট নিয়ে আগ্রহ লক্ষ্য করা গেছে। কান চলচ্চিত্র উৎসবের পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই উৎসবের ৪৯তম আসর বসছে ৫ সেপ্টেম্বর। ১১ দিনব্যাপী এই উৎসবে থাকছে বাংলাদেশি ছবি ‘সাবা’। এ নিয়ে পরিচালক মাকসুদ হোসাইন ও ‘সাবা’র পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন মেহজাবীন।

অন্যদিকে দীর্ঘ বিরতির পর নতুন ছবি ‘ফরগেট মি নট’ দিয়ে পর্দায় আসছেন এ অভিনেত্রী। তরুণ নির্মাতা রবিউল আলম রবি পরিচালিত ওয়েব প্ল্যাটফর্ম চরকির বড় প্রজেক্ট ‘মিনিস্ট্রি অব লাভ’-এর চতুর্থ ফিল্ম এটি। এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ ও ইরফান সাজ্জাদের মতো জনপ্রিয় তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে চরকির অফিশিয়াল পেজে বলা হয়েছে, ‘খুব শিগগির আসছে মিনিস্ট্রি অব লাভের চতুর্থ ফিল্ম ‘ফরগেট মি নট’। অভিনয়ে মেহজাবীন চৌধুরী, ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ ও ইরফান সাজ্জাদ। পরিচালনায় রবিউল আলম রবি।’ যদিও ছবিটির গল্প নিয়ে এখনই কিছু জানা যায়নি। তবে প্রকাশিত পোস্টার দেখে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত