আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই আগামী সপ্তাহে মঙ্গোলিয়ায় সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এই সফরেই পুতিনকে গ্রেপ্তারের জন্য মঙ্গোলিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসিভুক্ত কোনো দেশে সফর করতে যাচ্ছেন পুতিন। ইতিমধ্যে পুতিনের এই সফরকে ঘিরে সারা বিশ্বে শুরু হয়েছে নানা আলোচনা।
শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি।
সাধারণত রোম চুক্তি অনুযায়ী, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাঁরা আইসিসির সদস্য যেকোন রাষ্ট্রে পা রাখলে গ্রেপ্তারের শংকা রয়েছে। তবে আদালত কোনো দেশকে এ বিষয়ে চাপ প্রয়োগ করতে পারে না। আর তাই মঙ্গোলিয়ার পা রাখার পর পুতিন গ্রেপ্তার হতে পারেন কি না, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
আইসিসির মুখপাত্র ড. ফাদি এল-আবদুল্লাহ বিবিসিকে বলেন, ‘সদস্যদেশ হিসেবে আইসিসির বিধান মেনে চলতে দায়বদ্ধ মঙ্গোলিয়ার কর্মকর্তারা। তবে অপরিহার্যভাবে এর অর্থ এই নয় যে অভিযুক্তকে গ্রেপ্তার করতেই হবে।’
এদিকে গতকাল শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘পুতিনের মঙ্গোলিয়া সফর নিয়ে আমরা উদ্বিগ্ন নই। মঙ্গোলিয়ার বন্ধুদের সঙ্গে আমাদের চমৎকার যোগাযোগ রয়েছে।’
তিনি আরও জানান, ‘অবশ্যই, প্রেসিডেন্টের সফরের সমস্ত দিক সাবধানে প্রস্তুত করা হয়েছে।"
২০২৩ সালের মার্চে রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে হেগ-ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ইউক্রেনীয় শিশুদের রাশিয়া এবং রাশিয়া-নিয়ন্ত্রিত অঞ্চলে অবৈধভাবে নির্বাসনের অভিযোগে অভিযুক্ত করে তার বিরুদ্ধে এই আদেশ দেয়া হয়।
জাপানে বাসা-বাড়িতে নিঃসঙ্গ অবস্থায় মৃত্যু ৪০ হাজার মানুষের