অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে রাষ্ট্র সংস্কারের ওপর জোর দিয়েছে জাতীয় পার্টি (জাপা)।
আজ শনিবার বিকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে রাত ৮টা ১০ মিনিটে বৈঠক শেষে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এ তথ্য জানা।
বৈঠক শেষে জাপা চেয়ারম্যান জিএম কাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তার পক্ষে মহাসচিব মুজিবুল হক চুন্নু গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করতে পারে না দলীয় চিন্তা থেকে। বর্তমান সরকার যেহেতু ছাত্র-জনতার সরকার তাই তারা সংস্কার আনুক। সংস্কার করতে যেটুকু সময় প্রয়োজন এই সরকারকে জাপা তা দেবে। এই সরকারের প্রতি জাপা চেয়ারম্যান পূর্ণ সমর্থন জানিয়েছেন।
মুজিবুল হক চুন্নু বলেন, আমরা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনার কথা বলেছি। আইন বিভাগ ও বিচার বিভাগের সংস্কারের কথা বলেছি। জিনিসপত্রের দাম কমানো উদ্যোগ নিতে বলেছি। নির্বাচন আয়োজনে সুনির্দিষ্ট সময় বেধে দেয়নি জাপা।
