চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসককে মারধর

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১১:৪২ পিএম

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আহসানুল ইসলাম দিপ্ত (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। 

দিপ্তর মৃত্যুতে হাসপাতালটির চিকিৎসকদের অবহেলার অভিযোগ এনে ডা. ইমরান নামে নিউরোসার্জারি বিভাগের এক চিকিৎসককে মারধর করেছেন শিক্ষার্থীরা। এই ঘটনায় বিকেল থেকে রাত পযর্ন্ত ঢাকা মেডিকেলে উত্তেজনাকর পরিস্থিতি দেখা যায়। হাসপাতালটির সভাকক্ষে পরিচালকের সাথে ছাত্ররা আলোচনায় বসে দোষী চিকিৎসকদের বিচারের দাবি করেন। অন্যদিকে, ডা. ইমরানকে মারধর করা অভিযুক্তদের বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে চিকিৎসকরা।

স্বজনরা জানান, ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষার্থী দিপ্ত। শুক্রবার রাতে কুর্মিটোলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। রাতেই পথচারী এক শিক্ষার্থী দিপ্তকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন শনিবার সকালে মারা যান তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসে, শুক্রবার রাত থেকে সকাল পর্যন্ত চিকিৎসাধীন থাকা অবস্থায় তার চিকিৎসায় অবহেলা করা হয়েছে। এরপর থেকে হাসপাতালে জড় হতে থাকেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরাও হাজির হন ঢাকা মেডিকেলে। এক পর্যায়ে জরুরি বিভাগের নিউরোসার্জারির ৯৮ নম্বর ওয়ার্ডে দায়িত্বরত ডা. ইমরানকে মারধর করে শিক্ষার্থীরা।’ 

অন্যদিকে চিকিৎসকরা  ডা. ইমরানকে মারধরকরীদের  ২৪ ঘণ্টার ভিতর আইনের আওতায় না আনলে হাসপাতাল শাটডাউনের হুঁশিয়ারি দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত