হালান্ডের রেকর্ড হ্যাটট্রিকের রাতে অনায়াস জয় সিটির

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ পিএম

সপ্তাহের ব্যবধানে ফের আর্লিং হালান্ড ভয়ঙ্কর রূপে হাজির। শুরুতে নিশ্চিত একটি সুযোগ নষ্টের হতাশা দূর করতে করলেন আরও একটা হ্যাটট্রিক। তাতেই প্রিমিয়ার লিগে হ্যাটট্রিকের রেকর্ড গড়ে ফেলেন। তার অসাধারণ নৈপুণ্যে লিগ শিরোপা ধরে রাখার অভিযানে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি।

প্রিমিয়ার লিগে শনিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে ৩-১ গোলে জিতেছে পেপ গার্দিওয়ালার দল। চ্যাম্পিয়নদের সেভাবে ভাবাতেই পারেনি স্বাগতিকরা। তাদের একমাত্র গোলটি আসে সিটির আত্মঘাতী থেকে।

আগের ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করা হালান্ড ওয়েস্ট হ্যামের জালে শুরুতেই বল পাঠানোর সুবর্ণ সুযোগ পেয়ে যান। বাইলাইন থেকে বের্নার্দো সিলভার ক্রস ছয় গজ বক্সের মুখে ফাঁকায় পেয়েও হেড লক্ষ্যে রাখতে পারেননি তিনি।

দ্বিতীয় সুযোগে আর ব্যর্থ হননি হালান্ড। দশম মিনিটে প্রতিপক্ষের দুবর্লতায় বল ধরেই সামনে বাড়ান সিলভা। আর নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন নরওয়ের স্ট্রাইকার। লিগে তিন ম্যাচেই জালের দেখা পেলেন তিনি।

১৯ মিনিটে প্রতিপক্ষের দুর্ভাগ্যে গোলও পেয়ে যায় স্বাগতিকরা। ডান দিক দিয়ে আক্রমণ শাণিয়ে বক্সে ঢুকে গোলমুখে ক্রস বাড়ান জ্যারড বোয়েন, তবে ডিফেন্ডার রুবেন দিয়াসের পায়ে লেগে বল চলে যায় জালে।

৩০তম মিনিটে আবারও ভয়ঙ্কর হয়ে ওঠেন হালান্ড এবং ফের এগিয়ে যায় সিটি। ডি-বক্সে চার সতীর্থের পা ঘুরে, সবশেষ রিকো লুইসের পাস পেয়ে ডান পায়ের ছোঁয়ায় জায়গা বানিয়ে, বাঁ পায়ের জোরাল শটে গোলটি করেন হালান্ড।

৮৩ মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন হালান্ড। মাঝমাঠ থেকে মাথেউস নুনেসের থ্রু বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে, দুই টোকায় বক্সে বাড়িয়ে তৃতীয় ছোঁয়ায় নিচু শটে হ্যাটট্রিক পূরণ করেন ২৪ বছর বয়সী তারকা।

গত দুই আসরে গোল্ডেন বুট জয়ীর এবার গোল হলো ৭টি। সিটির জার্সিতে শুরু থেকেই গোলমেশিন হয়ে উঠেছেন তিনি। দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০২ ম্যাচে তার গোল হলো ৯৭টি; এর ৭০টি প্রিমিয়ার লিগে ৬৯ ম্যাচে।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে হলান্ডের হ্যাটট্রিক হলো মোট ২৪টি। তার মধ্যে সিটির জার্সিতে ১১টি।

হালান্ডের নৈপুণ্যে তার দল সিটিও দারুণ এক রেকর্ড গড়ল। প্রিমিয়ার লিগের ইতিহাসে এখন সবচেয়ে বেশি (৪৩) হ্যাটট্রিকের মালিক ম্যানচেস্টার সিটি।

টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত