সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, আগামীকাল সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরশু সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
আজ রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উত্তর আন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকার অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ভোররাত ১-৩ কলিংগোপাত্তামের কাছ দিয়ে উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। এটি আরো উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, মধ্য প্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
