এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কথা বিবেচনা করে ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিলেও পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। গতকাল সোমবার বিকেলে ঢাবির সাধারণ ভর্তি কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন উপ-উপাচার্য মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। গত ২ আগাস্ট ঢাবি ভর্তি কমিটির এক সভায় ৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ইউনিটের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এ জন্য ১১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে, যা চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।
এর আগে ইউজিসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে আগামী ফেব্রুয়ারি থেকে। এ জন্য জানুয়ারি ২০২৭ থেকে শুরু হবে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ। বিশ্ববিদ্যালয়গুলো পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পরীক্ষার তারিখ নির্ধারণ ও ঘোষণা করবে।
গতকাল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
ইউজিসি চেয়ারম্যান জানান, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে। ২০২৫ সালে সাত লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হলেও ২০২৬ সালে এ সংখ্যা ছয় লাখের কিছু বেশি। এ বছর উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করায় অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি। তাদের খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার আয়োজন করা হচ্ছে।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এসব পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। ফল প্রকাশের পর ভর্তি কার্যক্রম শুরু হবে বলেও তিনি জানান।
ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখতে উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে সেসব সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষার তারিখে যেন কোনো সংঘাত তৈরি না হয়, সে বিষয়ে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ইউজিসি চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীরা যেন একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়, সেটিই আমাদের প্রত্যাশা।
ভর্তি পরীক্ষা কিছুটা পিছিয়ে আয়োজন করা হলেও বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত অ্যাকাডেমিক কার্যক্রম যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। এ ক্ষেত্রে ইউজিসি প্রয়োজনীয় সহযোগিতা দেবেও বলে তিনি জানান।
ভর্তি কার্যক্রমে ধারাবাহিক সমন্বয় নিশ্চিত করতে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাবও সভায় আলোচনা হয়েছে। প্রস্তাবিত কমিটিতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন। কমিটি সারা বছর ভর্তি পরীক্ষার কার্যক্রম ও সময়সূচি সমন্বয়ে কাজ করবে। আগামী বছর থেকে আরও পরিকল্পিতভাবে আগাম ভর্তি কার্যক্রম শুরু করা যায় কি-না, তা নিয়েও আলোচনা হয়েছে।
ইউজিসির সভায় ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতি নিয়েও উপাচার্যদের সঙ্গে আলোচনা হয়। চলতি বছর গত বছরের মতোই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউর পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্ন যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীদের শুধু মুখস্থনির্ভর জ্ঞান নয়, বিষয়ভিত্তিক দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের যোগ্যতাও যাচাই করা প্রয়োজন। যে বিষয়ে একজন শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে চান, সেই বিষয়ে তার মৌলিক জ্ঞান ও সামর্থ্য মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া দরকার। বিশ্ববিদ্যালয়গুলোর মতামত ও প্রস্তুতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।