কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৫ কোটি টাকার বৈদ্যুতিক তার পাচারকালে এমডিসহ আটজনকে আটক করেছে নৌবাহিনী।
গতকাল শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আজ রবিবার দুপুরে বিদেশে পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই বিদ্যুৎ কেন্দ্রের এমডি আবুল কালাম আজাদকে আটক করে আইনশৃংখলা বাহিনী।
এর আগে নৌবাহিনীর অভিযানের খবর টের পেয়ে বিদ্যুৎ কেন্দ্রের এমডি আবুল কালাম আজাদসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার সকালে পালিয়ে যায়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুকান্ত চক্রবর্তী জানান, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র থেকে একটি প্রভাবশালী চক্র বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার পাচারের প্রস্তুতি নেয়। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মহেশখালীতে দায়িত্বরত নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ সাকিব আহমেদের নেতৃত্বে একটি টিম গতকাল শনিবার বিকেলে বিদ্যুৎকেন্দ্রে অভিযান শুরু করে। বিকেল থেকে রাতভর অভিযান চালিয়ে নৌবাহিনীর সদস্যরা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন বন্দরের ৪নং জেটিঘাট থেকে ১৫ কোটি টাকার বৈদ্যুতিক তার জব্দ করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, এসব বৈদ্যুতিক তার একটি বার্জ জাহাজে করে ৪টি কন্টেইনার ভর্তি করে চট্টগ্রামে পাচার করছিল। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নৌবাহিনী ৭ জনকে আটক করে।
পুলিশ জানায়, নৌবাহিনীর জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান এসব বৈদ্যুতিক তার চট্টগ্রামের বেসরকারি কোম্পানি ইকবাল মেরিনে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। জিজ্ঞাসাবাদে তারা আরো জানায়- এই তার পাচারে বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ও এমডি আবুল কালাম আজাদ, প্রধান প্রকৌশলী মো. সাইফুল ইসলাম এবং প্রকল্পের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলফাজ হোসেনও জড়িত।
এ ব্যাপারে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মিনহাজুল করিম বাদী হয়ে মহেশখালী থানায় মামলা করেছেন।
