এবার ৫ ফুট খোলা হলো কাপ্তাই বাঁধের জলকপাট

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৫ পিএম

উজান থেকে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় এবং বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি এখনো বিপৎসীমায় রয়েছে। কাপ্তাই বাঁধের ১৬টি গেইট সোমবার (২ সেপ্টেম্বর) পর্যন্ত চার ফুট খোলা রাখার পরও পানি না কমায় আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাতটা থেকে আরো এক ফুট করে মোট ৫ ফুট খুলে দেয়া হয়েছে।

এতে প্রতি সেকেন্ডে ৯৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হচ্ছে। এছাড়া বিদ্যুৎ উৎপাদনের জন্য পাঁচটি ইউনিট চালু রেখে প্রতি সেকেন্ডে আরও ৩২ হাজার কিউসেক পানি ব্যবহার করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে এই প্রথম কাপ্তাই বাঁধের ১৬টি গেইট পাঁচ ফুট খোলা রেখে এতো পরিমাণ পানি ছেড়ে দেয়া হচ্ছে।

কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, কাপ্তাই হ্রদের পানির বর্তমান স্তর রয়েছে ১০৮.৬৫ এমএসএল (মিনস সি লেভেল) । হ্রদের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

এদিকে পানির তীব্র স্রোতের ফলে রাঙ্গামাটি-বান্দরবান সড়কে যাওয়ার একমাত্র ফেরী চলাচল সীমিত করা হয়েছে। এতে বন্ধ আছে রাঙ্গামাটি-বান্দরবান সড়কে যান চলাচল। রাঙ্গামাটি সড়ক বিভাগ কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সারাদিন পানির স্রোত তীব্র থাকলে ফেরি চলাচল বন্ধ রাখা হবে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের বলেন, ‘হ্রদের পানি না কমায় পাঁচ ফুট পর্যন্ত গেইট খোলা রাখা হয়েছে। আশা করছি এবার পানি কমে আসবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত