গাজীপুরে আ. লীগ কর্মীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪১ পিএম

গাজীপুরে আওয়ামী লীগের কর্মী পরিচয়ে ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) কয়েকজন শিক্ষক, কর্মকর্তা ও স্থানীয় বেশ কিছু লোকের জমি জোরপূর্বক দখল করে রেখেছে বলে অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে।

এ ঘটনার বিচার দাবি করে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পরে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে তাদের দূর্দশার নানা বিবরণ তুলে ধরেন।

গাজীপুর মহানগরীর ২৫নং ওয়ার্ডের পশ্চিম ভুরুলিয়ার বাসিন্দা রেহানা পারভীন সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যে, স্থানীয় আওয়ামী লীগের কর্মী সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবৎ দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে বেশ কিছু পরিবারকে নির্যাতন করে আসছে।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সন্ত্রাসী সাইফুল ইসলাম গং তার পিতার ভুরুলিয়া মৌজায় অনেকের ক্রয় করা ২৭৬ শতাংশ জমি জোড়পূর্বক দখল করে রেখেছেন। 

এ ছাড়াও তারা ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক কর্মকর্তা মিলে এলাকার আরও নিরীহ ১৬ জনের জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে। ওই একই এলাকায় যারা অল্প অল্প জমি ক্রয় করে বাড়ী নির্মাণ করছে সাইফুল ঘরবাড়ী নির্মাণে বাধা দিচ্ছে। প্রতিবাদ করলে নানাভাবে হুমকি দিয়ে বেড়ায়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পরও উক্ত ভূমিদস্যুরা এখনো তাদের পেশীশক্তির মাধ্যমে অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। এ ব্যপারে তিনি আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।সংবাদ সম্মেলন ও মানববন্ধনে ভোক্তভোগী পরিবারের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে অভিযুক্ত সাইফুল ইসলাম বলেন, আমি কোনো জমি দখলের সাথে জড়িত নই। আমরা রেকর্ডমূলে মালিক থেকে ভোগ দখলে আছি। এ বিষয়ে আদালতে মামলা রয়েছে ‘

×
সর্বশেষ সর্বাধিক পঠিত