রাজধানীর হাজারীবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাদেকিন ইসলাম (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন। ওই যুবক ইজিবাইক চালক ছিলেন।
সোমবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে হাজারীবাগ বারইখালী ডেন্টাল রোডে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো সুমন জানান, সোমবার রাতে ডেন্টাল রোডে অটোরিকশাচালককে ধরে ৪ জন ছিনতাইকারী ধস্তাধস্তি করছিলো। এক পর্যায়ে তারা ওই চালকের বুকে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে আশপাশের লোকজন দৌড়ে এগিয়ে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে মারা যান তিনি।
ওই পথচারী আরও জানান, ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করতে তারা এসেছিল। তবে রিকশাটি নিতে পারেনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সদ্য দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ (পরিদর্শক) মো. মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাজারীবাগ থেকে ওই যুবককে পথচারীরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিহতের মামা মো. শহিদুল ইসলাম জানান, তাদের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার পাগলা গ্রামে। বাবার নাম হযরত আলী। পরিবার নিয়ে মিরপুর-১, এ ব্লক, ৭ নম্বর রোডে গরীবে নেওয়াজ জামে মসজিদের পাশে একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত ১৫-২০ দিন আগে ঋণ করে ১ লাখ ৩৩ হাজার টাকা দিয়ে ইজি বাইকটি কিনেছিলেন তিনি।
শহিদুল ইসলাম জানান, সোমবার রাত ১২টার দিকে সাদেকিন বাসা থেকে বের হয়েছিলেন ইজিবাইক নিয়ে। মিরপুর এলাকা থেকে কয়েকজন তার গাড়িটি রিজার্ভ করে হাজারীবাগ যেতে। হাজারীবাগে যাওয়ার পর রিকশাটি ছিনিয়ে নেয়ার চেষ্ট করলে তিনি বাধা দেন। তখন ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করে। তার পকেটে থাকা একটি ফোন নম্বরের মাধ্যমে পরিবারের লোকজন মঙ্গলবার সকালে মৃত্যুর খবর শুনতে পান।
