সাবেক আইনমন্ত্রীর ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের ফাঁসি ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে রেলওয়ে স্টেশন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যপী মানববন্ধনে আইনসুল হকের নির্দেশে হত্যা, মামলা- হামলায় নির্যাতিত পরিবারের সদস্য, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ অনেক মানুষ অংশ নেয়। 

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. খোরশেদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক মো. সেলিম ভূঁইয়া, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানী, পৌর বিএনপির সাবেক সভাপতি বাহার মিয়া, বিএনপি নেতা শেখ জীবন, মহিলা দলের নেত্রী অন্তুরা, আবু বকর প্রমুখ। 

বক্তারা অভিযোগ করে বলেন, বিগত ১৫ বছর স্বেরাচার আওয়ামী লীগ সরকারের আমলে মানুষের বাক স্বাধীনতা, মানবাধিকার ছিল না। সারা দেশের মতো কসবা-আখাউড়ায় বিএনপির অসংখ্য নেতাকর্মীসহ সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। গুম, খুন করেছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আওয়ামী লীগ নেতা কাজলের নির্দেশে ২০১৪ সালে উপজেলা নির্বাচনের দিন তারাগন ভোটকেন্দ্রে পৌর যুবদলের সহ সভাপতি হাদিস মিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের আমলে আখাউড়ায় ক্রস ফায়ার দিয়ে মানুষকে হত্যা করেছে। তারা জনগণের জানমাল লুটপাট, জায়গা জমি দখল করে কোটি কোটি টাকা কামিয়েছে। 

মানবন্ধনে উপজেলার মনিয়ন্দ গ্রামের নিহত রহিজ মিয়ার স্ত্রী খাদিজা ও তার ছেলে অভিযোগ করেন আনিসুল হকের নির্দেশে সাদা পোশাকে রহিজ মিয়াকে ধরে নিয়ে ক্রয় ফায়ার দিয়ে হত্যা করা হয়। রহিজ হত্যার বিচার চান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত