জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস।
বিতর্কিত ব্যবসায়ী দিলীপ কুমার আগারওয়ালা আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য উপকমিটির সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি। ওই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে গতকাল সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত দিলীপ কুমার আগারওয়ালার গুলশানের অফিস ঘিরে রেখেছিলেন র্যাব সদস্যরা। এ সময় তার অফিস ও বাসায় অভিযান চালানো হয়।
দেশের স্বর্ণালংকার ও ডায়মন্ড বিক্রির শীর্ষ প্রতিষ্ঠান ‘ডায়মন্ড ওয়ার্ল্ড’ আসল ডায়মন্ডের বদলে উন্নতমানের কাচ বিক্রির তথ্য সম্প্রতি ফাঁস হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অন্তত ২৫ হাজার কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগও উঠেছে। দিলীপ কুমারসহ ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড সংশ্লিষ্ট শতাধিক কর্মকর্তা ও ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সংঘবদ্ধভাবে সোনা ও হীরা চোরাচালান করে।
