ছুটছিলেন বন্যার্তদের সাহায্যে, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পলাশের

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৬ এএম

‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু..। এ গানের কথা অনুসারে বন্যাকবলিত মানুষকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম আহমাদ পলাশ। কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। বুধবার (৪ সেপ্টেম্বর) টানা আটদিন মৃত্যুর সাথে লড়ায় করে মারা যান পলাশ।

পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে বিপদে পড়ে যায় জেলাগুলোর বাসিন্দারা। আর তাদের সাহায্য করতে এগিয়ে আসেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। তেমনি নোয়াখালীর বন্যাদুর্গত এলাকায় মানুষের জন্য ত্রাণ নিয়ে বের হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম আহমাদ পলাশ।

জানা যায়, ২৭ আগস্ট নোয়াখালীতে ত্রাণ দিতে আসার সময় মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় ত্রাণবাহী গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় গুরুতর আহত হয় পলাশ। আহত পলাশকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চমেকের আইসিউতে ৮ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে অবস্থার অবনতি হলে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকার সিএমএইচে নিয়ে আসা হয়। সেখানে ১দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (৪ সেপ্টেম্বর) মারা যান পলাশ।

পলাশের সহপাঠী আশিক সরকার বলেন, ’দুর্ঘটনার পর চমেকেই পলাশের চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ৮ দিন পর তাকে ঢাকায় নিয়ে আসি। কিন্তু ঢাকায় এনেও শেষ রক্ষ হল না। ফাহিম আর নেই! মানুষকে সাহায্য করতে গিয়ে নিজেই শহীদ গেল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত